চেম্বার জজ আদালতে খালেদার জামিন বহাল, নাশকতার মামলায় আটক
https://parstoday.ir/bn/news/bangladesh-i54337-চেম্বার_জজ_আদালতে_খালেদার_জামিন_বহাল_নাশকতার_মামলায়_আটক
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের চার মাসের জামিন বহাল রেখেছে চেম্বার আদালত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৩, ২০১৮ ১২:৩২ Asia/Dhaka
  • বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের চার মাসের জামিন বহাল রেখেছে চেম্বার আদালত।

দুর্নীতি দমন কমিশন-দুদক ও রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) দুপুরে চেম্বার জজ এ আদেশ দেন। আদালত একইসঙ্গে আবেদন দুটি শুনানির জন্য আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। এতে করে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল বলে তাঁর আইনজীবী জয়নুল আবেদীন জানিয়েছেন।

শুনানিতে খালেদা জিয়ার পক্ষে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান।   

এর আগে আজ সকালে খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদক ও রাষ্ট্রপক্ষ আবেদন করে

সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার চার মাসের জামিনের আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতে এতিমখানা দুর্নীতি মামলার রায়ের পর থেকে গত ৩২ দিন ধরে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আদালতে খালেদা জিয়া (ফাইল ফটো)

নাশকতার মামলায় খালেদাকে আটক দেখানো হয়েছে

এদিকে,  কুমিল্লায় একটি নাশকতার মামলায় বেগম খালেদা জিয়াকে আটক দেখানো হয়েছে। তাছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে প্রডাকশন ওয়ারেন্ট (পিডব্ল্যুউ) বা হাজিরা পরোয়ানা ইস্যু করেছে আদালত।

আজ (মঙ্গলবার) পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান ওই পরোয়ানা ইস্যু করে আগামী ২৮ ও ২৯ মার্চ সাবেক এ প্রধানমন্ত্রীকে আদালতে হাজির করতে কারা-কর্তৃপক্ষকে আদেশ দেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

'বেগম জিয়ার কারাবাস দীর্ঘয়িত করার ষড়যন্ত্র চলছে'

এ অবস্থায় বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ রেডিও তেহরানকে জানান, আজ দুপুর পর্যন্ত হাইকোর্টের জামিনের আদেশ নিম্ন আদালতে পৌঁছায় নি। আর সে নির্দেশ না আসা পর্যন্ত বেগম জিয়ার পক্ষে নিম্ন আদালতে জামিননামা জমা করা আজকেও সম্ভব না হতে পারে। তিনি মনে করেন, সরকার বেগম জিয়ার বন্দী অবস্থা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।

বেগম খালেদা জিয়ার চার মাসের জামিনের বিপরীতে দুদক (দুর্নীতি দমন কমিশন) ও রাষ্ট্রপক্ষের আবেদন করার প্রেক্ষিতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে বলেছেন, বেগম জিয়ার কারাবাস দীর্ঘয়িত করার ষড়যন্ত্র  চলছে।

'নাশকতার মামলায় জামিন না পাওয়া পর্যন্ত কারামুক্তি নয়'

এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের জামিন আদেশ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে কুমিল্লার নাশকতার মামলায় জামিন না পাওয়া পর্যন্ত কারামুক্ত হতে পারবেন না তিনি।

কুমিল্লায় গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার প্ররোচনার (নাশকতার) সঙ্গে জড়িত থাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি করা হয়েছে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩