নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না: ওবায়দুল কাদের
-
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন নজির নেই। বাংলাদেশেও প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্ন আসে না।
বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে তাদের যেতে হবে।'
ওদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বলেছেন, সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে। তিন মাস নির্বাচনী সরকার দেশ চালাবে। তারা নির্বাচন পরিচালনা করবে। তাদের সকল কর্মকাণ্ড হবে নির্বাচন কমিশনের দিক নির্দেশনায়।
মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ২০১৪ সালে আমরা নির্বাচনী মাঠে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনি তা বয়কট করে দেশবিরোধী জামায়াত শিবিরের সঙ্গে আঁতাত করে দেশে জ্বালাও পোড়াওসহ নৈরাজ্যের সৃষ্টি করেছেন।
নাসিম আরো বলেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে সাজা দেয় নি। দিয়েছে আদালত। আমরা চাই তিনি নির্বাচনে আসুন। খালি মাঠে শেখ হাসিনা খেলতে চান না। এবার নির্বাচন থেকে পালালে বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৪