খালেদা জিয়ার বাসার সামনে থেকে পুলিশ প্রত্যাহার
https://parstoday.ir/bn/news/bangladesh-i55976-খালেদা_জিয়ার_বাসার_সামনে_থেকে_পুলিশ_প্রত্যাহার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। আজ (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৮, ২০১৮ ১২:৩০ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ি
    বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। আজ (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, "গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের পর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আছেন। তিনি কারাগারে থাকলেও এত দিন তাঁর গুলশান এভিনিউয়ের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসা ফিরোজা ভবনের সামনে একজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু আজ বিকেল সাড়ে ৩টার দিকে হুট করে তাদের প্রত্যাহার করে নেয়া হয়।"

তবে, কী কারণে পুলিশ প্রত্যাহার করা হয়েছে, এ নিয়ে কিছু জানাতে পারেননি দিদার। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। আমি জানি না। এটা তো কূটনৈতিক জোনে পড়েছে। ফলে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ বলতে পারবে আসলে কী হয়েছে।’

ঢাকা সেনানিবাসের বাড়ি হাতছাড়া হওয়ার পর থেকে গুলশানের ‘ফিরোজা’ বাড়িটিতে বসবাস করে আসছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৮ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তিনি ওই বাড়িতেই ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮