ছাত্রবিক্ষোভে উত্তাল বাংলাদেশ (ফটো গ্যালারি)
https://parstoday.ir/bn/news/bangladesh-i60526-ছাত্রবিক্ষোভে_উত্তাল_বাংলাদেশ_(ফটো_গ্যালারি)
বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পঞ্চম দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০২, ২০১৮ ১১:৩৫ Asia/Dhaka
  • ছাত্রবিক্ষোভে উত্তাল বাংলাদেশ (ফটো গ্যালারি)

বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পঞ্চম দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের নয় দফা দাবিতে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেয়। রাজধানীর ধানমন্ডির মিরপুর সড়ক, পান্হপথ, মিরপুর ১০, আসাদগেট, সায়েন্স ল্যাবরেটরি, মৌচাক, মগবাজার, শাহবাগ, পল্টন, মহাখালীর সাতরাস্তা এলাকার রাস্তাও অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এছাড়া, ছাত্রছাত্রীরা উত্তরার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে। তারা গত দিনের মতো রাস্তায় গাড়ি থামিয়ে কাগজপত্র ও চালকদের লাইসেন্স চেক করছে। অনেকে ট্রাফিক নিয়ন্ত্রণও করছে।

চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে এক শিক্ষার্থী

ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইল, নোয়াখালী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, বগুড়াসহ কয়েকটি জেলায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাস্তায় অবস্থান নিয়ে গাড়িচালকের লাইসেন্স পরীক্ষা করছে এবং যানজট কমাতে ট্রাফিকের ভূমিকায় কাজ করছে।

বৃষ্টি উপেক্ষা করে রাজপথে শিক্ষার্থী ও অভিভাবকেরা

তারা বলছে, "আমাদের দাবি নিরাপদ সড়ক। আর কোনো মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। যদি চালকের লাইসেন্স না থাকে, গাড়ির  ফিটনেস না থাকে, তবে দুর্ঘটনা ঘটতেই থাকবে।"

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২