বাংলাদেশে মহান আশুরা পালিত: তাজিয়া মিছিলে ‘হায় হোসেন’ ধ্বনি
https://parstoday.ir/bn/news/bangladesh-i64444-বাংলাদেশে_মহান_আশুরা_পালিত_তাজিয়া_মিছিলে_হায়_হোসেন’_ধ্বনি
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে তাজিয়া মিছিলসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে শোকাবহ আশুরা পালিত হয়েছে। আশুরা বা ১০ মহররমের এ দিনে কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদতবরণ করেন হজরত হোসেইন (আ) এবং তাঁর ৭২ জন সাথী।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১০:৩০ Asia/Dhaka
  • ঢাকায় তাজিয়া মিছিল
    ঢাকায় তাজিয়া মিছিল

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে তাজিয়া মিছিলসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে শোকাবহ আশুরা পালিত হয়েছে। আশুরা বা ১০ মহররমের এ দিনে কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদতবরণ করেন হজরত হোসেইন (আ) এবং তাঁর ৭২ জন সাথী।

আজ (শুক্রবার) সকাল সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। একইসঙ্গে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশীবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও মিছিল বের হয়। বেলা একটায় ধানমন্ডি লেকের প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় শোক মিছিল। মিছিলটি যখন ধানমন্ডির প্রতীকী কারবালা প্রান্তরে এসে পৌঁছে তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ভিজে বিশ্ব শান্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা।

তাজিয়া মিছিলটি সাজানো হয় কারবালার শোকের নানা প্রতিকৃতি দিয়ে। মিছিলে বুক চাপড়ে, ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করে শোক প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

এদিকে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে মহান আশুরা। দিনটি উপলক্ষে সকালে বিভিন্ন ধর্মীয় সংগঠন মহানগরের শহীদ কামরুজ্জামান চত্বর, সাহেব বাজার জিরোপয়েন্ট, দরগাপাড়া, শিরোইল কলোনি ও উপশহর এলাকা থেকে বিভিন্ন সাজে তাজিয়া মিছিল বের করে। নগরের দরগা মসজিদে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

হজরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে বাদ জুম্মা মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং খিচুড়ি বিতরণ করা হয়। বাদ মাগরিব নগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এশার নামাজ আদায়ের পর দরগা শরীফসহ বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির-আজগার এবং বিভিন্ন নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাত্রী যাপন করবেন।

রাজশাহীতে তাজিয়া মিছিল

মহান আশুরা উপলক্ষে খুলনায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মহানগরীর আলতাপোল লেনের আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্ট ইমাম বাড়ি থেকে মিছিলটি বের হয়। মিছিলে অংশ নেওয়া শিশু, কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই একত্রে মাতম করতে থাকে। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয়া সবার মুখে ছিল ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি।

শোক মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী।

খুলনায় তাজিয়া মিছিল

তিনি বলেন, ১০ মহররম ৬১ হিজরীর এই দিনে কারবালার তপ্ত মরুপ্রান্তরে নানার দ্বীনকে রক্ষা করতে গিয়ে ইমাম হোসাইন (আ.) তার সঙ্গী-সাথীসহ তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় নির্মমভাবে শাহাদাত বরণ করেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহর পথে এ পর্যন্ত যারা শাহাদাতবরণ করেছেন তাদের মধ্যে হযরত ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত ছিল অতুলনীয়। ইতিহাসে অনেক দুঃখজনক ঘটনাই স্মরণাতীতকাল থেকে ঘটে আসছে। কালের করালগ্রাসে সেই সব ঘটনা ধীরে ধীরে বিস্মৃতির অতলে হারিয়ে যায়। কিন্তু কারবালার ঘটনা এতোই অনন্য যে যুগে যুগে এর স্মৃতি মানুষের মণিকোঠায় বার বার এসে ভাস্বর হয়ে উঠে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে কারবালার মর্মস্পর্শী ঘটনা মানব হৃদয়কে আরও জোরে নাড়া দিয়ে যায়। তিনি আরও বলেন, আশুরার শিক্ষাই হলো জালিমদের বিরুদ্ধেও মজলুমদের পক্ষে অবস্থান নেয়া।

প্রতিবারের মতো মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ট্রাস্ট আয়োজিত ১০ দিনব্যাপী শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন