সরকার ও ইসি বাধা সৃষ্টি না করলে বিজয় সুনিশ্চিত: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i66096-সরকার_ও_ইসি_বাধা_সৃষ্টি_না_করলে_বিজয়_সুনিশ্চিত_মির্জা_ফখরুল
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) দুপুরে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৫, ২০১৮ ১৩:১৬ Asia/Dhaka
  • ড. কামাল হোসেনের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম (ফাইল ফটো)
    ড. কামাল হোসেনের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম (ফাইল ফটো)

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) দুপুরে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে। সরকার ও নির্বাচন কমিশন (ইসি) সেখানে বড় রকমের বাধা সৃষ্টি না করলে আমাদের বিজয় সুনিশ্চিত।

বিএনপি মহাসচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন ও সরকারের আচরণে এটা বোঝা যায়নি নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে তাদের কোনো আগ্রহ আছে। এখনও আমাদের নেতাদের গ্রেপ্তার করছে। যারা সম্ভাব্য প্রার্থী তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে।

বিএনপির দাবি অযৌক্তিক বলে নির্বাচন কমিশন যে মন্তব্য করেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের বিষয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। আপনারা জানেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার স্টেটমেন্ট দিয়েছেন পুলিশের সামনে। বক্তব্য দিয়েছেন তাদের মিটিংয়ে। এটাই যথেষ্ট। দ্বিতীয়ত, প্রত্যেকটি দল ও জোট বলছে নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন এমন কিছু করেনি যাতে বলতে পারি তারা নিরপেক্ষ নির্বাচন করতে চায়। আমরা যে গায়েবি মামলার তালিকা দিলাম সে সম্পর্কে এখনো তারা কিছু করতে পারেনি। অন্যদিকে যেসব কর্মকর্তাকে বদলি বা সরিয়ে দেওয়ার কথা বলেছিলাম তাদের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন কাউকে সরানো হবে না।

মির্জা ফখরুল বলেন, আমরা মনোনয়নের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। ২৮ নভেম্বরের (বুধবার) মধ্যে অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে।  বাকি কিছু আসনের প্রার্থী ৯ ডিসেম্বরের (রোববার) মধ্যে ঘোষণা করা হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আসন বিন্যাস নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের মধ্যে আলোচনা হয়েছে। শিগগরিই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

বিএনপির মহাসচিব বলেন, মনোনয়নপত্র আগামী ২৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। তার আগেই কিছু প্রার্থী চূড়ান্ত করব। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে বাকিটা চূড়ান্ত করব। এর মধ্যেও না হলে পরেও আমরা চূড়ান্ত করতে পারব। 

ঐক্যফ্রন্টের বৈঠকে ড. কামাল হোসেন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মিন্টু, সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫