জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সংবিধানসম্মত: আইনমন্ত্রী
-
আইনমন্ত্রী আনিসুল হক
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংবিধান সম্মত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার মতে, সংবিধানে যা লেখা আছে, তার আওতায় নির্বাচনে ইভিএম করা হচ্ছে।
আজ (রোববার) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজ, দায়রা জজ এবং মেট্রোপলিটন দায়রা জজদের ২৪তম বিচার প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইভিএম ব্যবহারে বিএনপির আপত্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, 'আমি একটি জিনিস বুঝলাম না, সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান (ড. কামাল হোসেন) ওনাদের নেতা হিসেবে আছেন। তারপরও ওনারা কীভাবে এসব বক্তব্য দেন? একটা সময় কম্পিউটারে বা ইন্টারনেটে নির্বাচনের ফলাফল ঘোষণার কোনও নিয়ম ছিল না। কারণ, যখন সংবিধান রচনা করা হয়েছিল, তখন এসব প্রযুক্তি ছিল না। আর সংবিধানে সব কথা লেখা থাকে না। সংবিধানে যেটা লেখা আছে, তার আওতায় এই ব্যবস্থা করা হচ্ছে। কাজেই এই ইভিএম ব্যবহার সংবিধানসম্মত।'
এর আগে কর্মশালা উদ্বোধনকালে আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, 'বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বিচার ব্যবস্থার। এই স্বপ্নের বাস্তবায়ন নির্ভর করছে আপনাদের ওপর। তাই সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও বিচারকদের বেতন-ভাতা, মর্যাদা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।'
তিনি আরও বলেন, 'বছরখানেক আগেও শোনা গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আইন মন্ত্রণালয়ের বিরোধ রয়েছে। কিন্তু আমি বলতে চাই, ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে মন্ত্রণালয়ের কোনও টানাপড়েন কখনও ছিল না। তবে একজন প্রধান বিচারপতি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে বেশকিছু উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তা সফল হয়নি। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, সুপ্রিম কোর্টের সঙ্গে আমাদের কোনও দ্বন্দ্ব নেই।'#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৫