বিএনপির মনোনয়নের চিঠি বিতরণ শুরু, ইসিকে পক্ষপাতদুষ্ট বললেন ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i66125-বিএনপির_মনোনয়নের_চিঠি_বিতরণ_শুরু_ইসিকে_পক্ষপাতদুষ্ট_বললেন_ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন দেয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে বিএনপি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৬, ২০১৮ ১৩:০৪ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন দেয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে বিএনপি।

আজ (সোমবার) বিকেল সোয়া ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি নেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। প্রত্যয়নের চিঠি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেয়ার আগে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি দলীয় চেয়ারপারসনকে কারাগারে রেখে তাঁকে ছাড়া এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুক্ত হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন। নির্বাচনের মধ্যে দিয়ে জাতি ন্যায় বিচার পায় এবং দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়।

এ সময় বিএনপির মহাসচিব আবেগাপ্লুত হয়ে পড়েন। তখন কিছু সময় ফখরুলকে কাঁদতে দেখা যায়। কথা বলা থামিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাঁকে। পরে তিনি বলেন, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি অংশ নিচ্ছেএই নির্বাচনে জয়ী হয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।'

মির্জা ফখরুল বলেন, 'জনগণের অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে একটা জাতীয় ঐক্য গড়ে ওঠেছে। আমরা দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। এর মধ্য দিয়ে দেশের মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, ভোটের অধিকার ফেরত পাবে।'  

তিনি বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সাত দফা দাবি দিয়েছিলাম। এসব দাবি নিয়ে জনগণের কাছে গিয়েছি। সরকারের সঙ্গে সংলাপ করেছি, নির্বাচন কমিশনের (ইসি) কাছে গিয়েছি। কিন্তু তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। ইসি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে। বারবার বলেছি- যা কিছু করার তা করা প্রয়োজন। কিন্তু তারা করছে না।’ 

বিএনপি মহাসচিব বলেন, 'শুধু তাই নয়, প্রশাসনেও রদবদলের প্রয়োজন। আমরা বললেও তা করা হয়নি। ইভিএম বন্ধ রাখেনি। পত্র-পত্রিকায় সিইসির ভাগ্নে শাহাজাদা সাজু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আমরা আগেও বলেছিলাম- তিনি (সিইসি) পক্ষপাতদুষ্ট। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতকিছুর পরও আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়েই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন সম্ভব এবং জনগণ তার অধিকার ফেরত পাবে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন