নির্বাচনের লড়াইয়ে বিপুলসংখ্যক নারী প্রার্থী; ইতিবাচক বলছেন বিশেষজ্ঞর
https://parstoday.ir/bn/news/bangladesh-i66142-নির্বাচনের_লড়াইয়ে_বিপুলসংখ্যক_নারী_প্রার্থী_ইতিবাচক_বলছেন_বিশেষজ্ঞর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন বিপুল সংখ্যক নারী। যাদের বেশীরভাগই মূল দল, বা অংগ সংগঠের দলের নেত্রী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বা রাজনৈতিক নেতাদের স্ত্রী এবং কন্যা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৮ ১৭:১৬ Asia/Dhaka

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন বিপুল সংখ্যক নারী। যাদের বেশীরভাগই মূল দল, বা অংগ সংগঠের দলের নেত্রী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বা রাজনৈতিক নেতাদের স্ত্রী এবং কন্যা।

এ বারের নির্বাচনে আওয়ামী লীগ দলের সভানেত্রী সহ ১৮ জন মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এদের মধ্যে রয়েছেন, অন্তত: দুটি নতুন মুখ। একজন কক্সবাজারের বিতর্কিত এমপি আবদুর রহমান বদির স্ত্রী  শাহীনা আখতার চৌধূরী এবং কুমিল্লা ২ আসনসের জন্য সেলিমা আহমেদ।বর্তমান সংসদে আওয়ামীলীগের নির্বাচিত মহিলা এমপি রয়েছেন ১৯ জন এবং সংরক্ষিত আসনে আরো ৪২ জন মহিলা সদস্য।

বিএনপির দফতর সুত্রে  জানা গেছে, এবার দলের মনোনয়ন ফরম কিনেছেন প্রায় সাড়ে ৭ শত মহিলা নেত্রী। তাদের মধ্যে ৩০০ জনের বেশি ফরম জমা দিয়ে দলের পার্লামেন্টারি বোর্ডে সাক্ষাতকার দিয়েছেন। এসব নারী নেত্রী মনে করছেন, পুরুষের সমানতালে তারা আন্দোলন ও নির্বাচন করতে পারবেন। ইতিমধ্যে দলের প্রার্থী তালিকা চুড়ান্ত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে প্রায় দুই ডজন নারী প্রার্থী সরাসরি বা বিকল্প প্রার্থী মনোনয়ন পাচ্ছেন।

ইতোমধ্যে দলের চেয়ারপারসন কারাবন্দী  বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

ধানের শীষ নিয়ে মনোনয়ন পেয়েছেন ন্যাপ নেতা মশিউর রহমান যাদু মিয়ার কন্যা রীটা রহমান, বিএনপি মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কন্যা শ্যামা ওবায়েদ, বান্দরবান থেকে সাবেক এমপি মা ম্যা চিং। বিএনপি’র তালিকায় আরো রয়েছেন, সিলেটের এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা নেত্রকোনা-৪ আসনে লুত্ফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। বাম গণতান্ত্রিত জোটের পক্ষ থেকেও ১০-১২ জন মহিলা নেত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক সাইফুল হক।

এ প্রসঙ্গে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভানেত্রী সীমা দত্ত রেডিও তেহরানকে বলেন, নারীরা রাজনীতিতে এগিয়ে আসছে এটা ভালো লক্ষন। তারা সমাজে তাদের অবদান রাখতে চান। তবে সমাজ প্রচলিত মানসিকতা বদলাতে পারছে না; এটাই মূল বাধা।   

অধিক সংখ্যক নারী প্রার্থী হবার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমাদের দলে পুরুষের পাশাপাশি নারীদের অবদান অনেক। আন্দোলন সংগ্রামে রাজপথে সামনের কাতারে আছেন তারা। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবার বিপুল সংখ্যক নারী ধানের শীষে প্রার্থী হতে চান। এটা ইতিবাচক লক্ষন। মনোনয়নের ক্ষেত্রে দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৬