ইইউ'র পর্যবেক্ষক না পাঠানো সুখকর খবর নয়: সুজন সম্পাদক
https://parstoday.ir/bn/news/bangladesh-i66194-ইইউ'র_পর্যবেক্ষক_না_পাঠানো_সুখকর_খবর_নয়_সুজন_সম্পাদক
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠাবে না। আজ (বুধবার) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি দল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৮, ২০১৮ ১৭:২৯ Asia/Dhaka

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠাবে না। আজ (বুধবার) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি দল।

সংস্থাটির রাষ্ট্রদূত রেলজে তেরিংকের নেতৃত্বে চার সদস্যের এ প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

তারা জানান, বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে জানতে ইইউ'র দু'জন প্রতিনিধি এখন এই দেশ পর্যবেক্ষণ করছেন। সব দলের অংশগ্রহণে যে নির্বাচন হচ্ছে তা অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

এর আগে, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড্যাভিড ম্যাক অ্যালিস্টার ও লিন্ডা ম্যাক আভান এক বিবৃতিতে জানিয়েছেন, ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে কোনো সদস্যের জন্যই বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ এবং এ নিয়ে কোনো ধরণের মন্তব্য করা বাধ্যতামূলক নয়।

ইউরোপীয় পার্লামেন্ট আশা করছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন ‘শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক’ হবে এবং সেখানে নাগরিকদের ইচ্ছার প্রতিফলন ঘটবে।    

ইউরোপীয় পার্লামেন্ট

ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কো-অর্ডিনেশন গ্রুপ জানিয়েছে, তারা এই নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না। অতএব তারা নির্বাচনী প্রক্রিয়া ও এর ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবে না।

বিবৃতিতে সকল রাজনৈতিক দলকে সহিংসতা ও উস্কানির পথ পরিহারের আহ্বানও জানানো হয়। 

এর আগে, গত ১৫ নভেম্বর বাংলাদেশ প্রসঙ্গে গৃহীত এক প্রস্তাবে নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এ অবস্থান স্পষ্ট করা হয়। সেখানে আশাপ্রকাশ করা হয়, বাংলাদেশের আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে এবং সেখানে নাগরিকদের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র: এইচ টি ইমাম

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আজ জানিয়েছেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে এইচ টি ইমাম এ কথা জানান।

এইচ টি ইমাম

'ইইউ'র পর্যবেক্ষক না পাঠানো সুখকর খবর নয়'

এ প্রসঙ্গে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেছেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা না আসার ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে না তবে তাদের উপস্থিতি নির্বাচনে বেপরোয়া কারচুপি বা অনিয়মকে অনেকটা নিরুৎসাহিত করে থাকে। এক্ষেত্রে এবার বাংলাদেশের নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানো সুখকর খবর নয়। 

এর আগে, ক্ষমতাসীন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নয়, এ দেশের জনগণই বড় পর্যবেক্ষক। এ নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবেন।

তবে, নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম।

বুধবার সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের পরে সাংবাদিকদের নিকট এ আশঙ্কার কথা ব্যক্ত করে আব্দুস সালাম বলেছেন, জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। আমি আশা করি, অন্তত আজকে থেকে বিএনপির নেতাকর্মীদের আর গ্রেফতার করা হবে না। রাতে গিয়ে কোনো বাসায় হামলা করা হবে না। তাহলে জনগণ মনে করবে যে তার ভোট সে দিতে পারবে। দেশে এখন যে অবস্থা বিরাজ করছে তাতে  জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮