দেশের কোথাও কোনো ধরনের আচরণবিধি লংঘন হয়নি: সিইসি
-
কেএম নূরুল হুদা
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সারাদেশে সুশৃংখলভাবে সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোথাও কোনো ধরনের আচরণবিধি লংঘন হয়নি। এমনকি মনোনয়ন জমা দিতে এসে সমর্থকরা কোনো শোডাউন করেনি। আচরণবিধি মেনেই সবাই মনোনয়ন জমা সম্পন্ন করেছে।
আজ (বৃহস্পতিবার) নির্বাচন ভবনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও গাজীপুরের কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট।
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা সবার প্রতি সমান আচরণ করবেন। কেননা, যারা প্রার্থী তাদের পরিচয়, তারা শুধুই প্রার্থী।
কেএম নূরুল হুদা বলেন, এখন বিশ্বাস করার সুযোগ ও সময় এসেছে যে এ দেশে যারা রাজনীতি করেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা নির্বাচনের আইন, আচরণবিধি মেনে করবেন। আপনারা মাঠপর্যায়ে যারা কাজ করবেন তাদের সাহায্য, সহযোগিতা করার মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি বিশ্বাস করি এবং আস্থা রাখি সে রকম একটা পরিবেশ দেশে সৃষ্টি হয়েছে। সেটাকে সামনে রেখে আপনাদের কারণে তাদের আশা এবং প্রত্যাশা যাতে কখনো ব্যাহত না হয়। সেই দিকটা লক্ষ্য রেখে আপনাদের দায়িত্ব হবে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জানানো এবং বোঝানো।
তিনি বলেন, আমরা যেটা আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আমাদের সে আশা পূর্ণ হয়েছে। আশা করেছিলাম প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে, সে প্রত্যাশা পূর্ণ হয়েছে। আমরা আশা করেছিলাম সবদলের অংশগ্রহণে নির্বাচন হবে, সেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, আমরা গণমাধ্যমে দেখেছি অনেক প্রভাবশালী প্রার্থী তারা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে সুশৃঙ্খলভাবে আবেদন জমা দিয়েছেন। প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক ভেতরে গেলে আচরণবিধি লঙ্ঘন হয়, কেউ সেটি লঙ্ঘন করেনি। তারা প্রত্যেকেই চারজন, পাঁচজন, ছয়জন, সাতজনের বেশি লোক নিয়ে ভেতরে ঢোকেনি। বাইরে হয়তো তাদের কিছু সমর্থক এসেছিল। সেটা অফিসের বাইরে। একজন প্রার্থীর সমর্থক থাকতেই পারে। সেগুলো মোটর শোভাযাত্র, গাড়িসহ যাত্রা বা শোডাউনের পর্যায়ে পড়ে না।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা প্রার্থী তাদের পরিচয়, তারা শুধুই প্রার্থী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় বা ব্যক্তি পরিচয় থাকবে না। সে একটি প্রতীকের প্রার্থী হবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ রাখার জন্য নিশ্চিত করবেন।
সিইসি আশা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা মাঠে গিয়ে যার যার অবস্থান থেকে দায়িত্বপালন করলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, অবশ্যই নির্বাচন নিরপেক্ষ হবে, অবশ্যই নির্বাচনে ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
এর আগে উৎসবমুখর পরিবেশে সারা দেশে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। শেষদিনে গতকাল বেশির ভাগ প্রার্থী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ৩০০ আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে তিন হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। #
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮