সাদেক হোসেন খোকার ছেলে-মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে মনোনয়নের প্রত্যয়নপত্র নেন ইশরাক হোসেন
ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় আগাম জামিনের আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ (বৃহস্পতিবার) এ আদেশ দেয়।
দুই ভাই-বোনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতে ছিলেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, “২০১০ সালের মামলা, তারা ২০১৮ সালে এসে আগাম জামিন চাইছে। আপিল বিভাগ আগাম জামিনের বিষয়ে যে নীতিমালা দিয়েছে এটা তার আওতায়ও পড়ে না। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে ইশরাক ও সারিকাকে চার সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।”
একটি দুর্নীতি মামলায় সাদেক হোসেন খোকার দশ বছরের সাজার রায় আসার পরদিন হাইকোর্ট থেকে তার ছেলেমেয়ে এই আদেশ পেলেন। আদালত বলেছে, আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করলে আইন অনুযায়ী নিম্ন আদালত বিষয়টি বিবেচনা করতে পারবে।
সাবেক প্রতিমন্ত্রী সাদেক হোসেন কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তার ছেলে ইশরাক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
সম্পদের তথ্য-বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন ও সারিকা সাদেককে আলাদা নোটিস দেয়। নোটিসে তাদের নিজের নামে এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের ‘স্বনামে বা বেনামে’ বা তাদের পক্ষে অন্য কোনো নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণ সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়। কিন্তু তারা তা না দেয়ায় দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট রমনা থানায় দুটি মামলা করেন। দুদক সম্প্রতি অভিযোগপত্র অনুমোদন দেওয়ায় আগাম জামিন চেয়ে আবেদন করেন ইশরাক হোসেন ও সারিকা সাদেক।
এর আগে তারা দুদকের নোটিস চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন, যেটি আদালতে খারিজ হয়ে যায় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিন উদ্দিন মানিক জানান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন