ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল
-
বেগম খালেদা জিয়া
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফেনী-১ আসনে দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
আজ (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় আদালতের আদেশে দণ্ডিত হয়ে কারাগারে সাজা খাটায় খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের আদেশ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান। ফেনী জেলা বিএনপির সভাপতি ও আইনজীবী আবু তাহের জানিয়েছেন, তাঁরা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আপিল করবেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, সকাল থেকে জেলায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। প্রথম অধিবেশনে ফেনী-১ আসনের আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। খালেদা জিয়ার মনোনয়নপত্রটি ছিল ১৪তম। সাবেক প্রধানমন্ত্রীর মনোনয়নপত্রটিতে সব কাগজপত্র সঠিক পাওয়া যায়। তখন রিটার্নিং কর্মকর্তা সেখানে উপস্থিত বিভিন্ন সংস্থার কাছে এই মনোনয়নপত্রের ব্যাপারে কোনো আপত্তি আছে কি না জানতে চান। তখন পুলিশের পক্ষ থেকে ডিএসবি (ডিআইওয়ান) পরিদর্শক শহীনুজ্জামান বলেন, খালেদা জিয়া দুটি মামলায় সাজাপ্রাপ্ত। এর মধ্যে একটি মামলায় সাত এবং অন্য একটিতে ১০ বছর সাজাপ্রাপ্ত তিনি। এ ব্যাপারে কাগজপত্র রয়েছে। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, ‘খালেদা জিয়ার মনোনয়নপত্রটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৭২-এর ১৪ ধারার বিধান মতে বাতিল করা হলো।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে সাজা খাটছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিম্ন আদালত এ মামলায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিলেও দুর্নীতি দমন কমিশনের আবেদনে উচ্চ আদালত তার সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। এছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তার সাত বছরের কারাদণ্ড হয়েছে।
খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হতে পারে এই শঙ্কা থেকে ফেনী-১ আসনে আরও দু’জন বিকল্প প্রার্থী দিয়ে রেখেছিল। তারা হচ্ছেন ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার। এর মধ্যে নূর আহম্মদ মজুমদারের মনোনয়নও বাতিল হওয়ায় এ আসনে এখন বিএনপির হয়ে রফিকুল ইসলাম নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে।
পরশুরাম উপজেলা, ছাগলনাইয়া উপজেলা এবং ফুলগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনে আওয়ামী লীগ কোনও প্রার্থী দেয়নি। এ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য জাসদ (ইনু) শিরীন আখতার।
আসনটিতে আওয়ামী লীগ সরাসরি প্রার্থী না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি লড়াইয়ে এখনও আছেন দলীয় বিদ্রোহী খায়রুল বাশার মজুমদার তপন। তিনি ২০১৪ সালে আ. লীগের টিকিটে নির্বাচন করে পরাজিত হন। এছাড়াও স্বতন্ত্র হিসেবে রয়েছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুল্লাহসহ আরও ৬ জন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন