আওয়ামী লীগ ও বিএনপিকে 'তারুণ্যের ইশতেহার' দিল কোটা সংস্কার আন্দোলনকারীরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66310-আওয়ামী_লীগ_ও_বিএনপিকে_'তারুণ্যের_ইশতেহার'_দিল_কোটা_সংস্কার_আন্দোলনকারীরা
বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কাছে ‘তারুণ্যের ইশতেহার’ নামে একটি প্রস্তাবনা তুলে ধরছে কোটা সংস্কার আন্দোলনের নেতারা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৮ ১৪:০৫ Asia/Dhaka
  • বিএনপি নেতা রিজভীর কাছে ইশতেহারে তারুণ্যের ভাবনা তুলে দিলেন কোটা আন্দোলনকারীরা
    বিএনপি নেতা রিজভীর কাছে ইশতেহারে তারুণ্যের ভাবনা তুলে দিলেন কোটা আন্দোলনকারীরা

বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কাছে ‘তারুণ্যের ইশতেহার’ নামে একটি প্রস্তাবনা তুলে ধরছে কোটা সংস্কার আন্দোলনের নেতারা।

কোটা আন্দোলনকারীর নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে ১৮ সদস্যদের একটি প্রতিনিধি দল আজ (সোমবার) দুপুরে বিএনপি অফিসে যান।

এ সময় ফারুক হাসান জানান, 'তারুণ্যের ইশতেহার আমরা সকল রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করব। বিএনপি অফিসে এসেছি। এরপর ঐক্যফ্রন্ট কার্যালয়ের যাব। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করব। আমরা ইশতেহারে আমাদের দাবিগুলো তুলে ধরেছি।'

তিনি বলেন, সত্যিকার অর্থে এদেশের তরুণ, বিশেষ করে লাখ লাখ শিক্ষিত বেকার কি চাই, এই ইশতেহারে সেটিই উল্লেখ করা হয়েছে। আমরা চাই, সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে তারুণ্যের জন্য আলাদা প্রতিশ্রুতি দিক।

বিএনপি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে যান। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানান।     

এরপর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও নূরুল হক নূরের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যা ৬টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যায়। তারা দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে তারুণ্যের ইশতেহার তুলে দেন।  

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ৪৫টি দাবিসংবলিত একটি ইশতেহার তৈরি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের সামনে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে থাকা উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে-

ইশতেহারে থাকা উল্লেখযোগ্য দাবিগুলো হলো:

১. তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার আনতে হবে।

২. চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। সকলের জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।

৩. চাকরির আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে।

৪. শিক্ষায় জিডিপির ৫ ভাগ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ ভাগ বরাদ্দ দিতে হবে।

৫. বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে।

৬. প্রশ্ন ফাঁসবিরোধী সেল গঠন করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে।

৮. প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে

৯. বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০ ভাগ গবেষণায় দিতে হবে। যার ৬ ভাগ শিক্ষকদের জন্য এবং ৪ ভাগ হবে ছাত্রদের জন্য।

১০. শিক্ষক নিয়োগে ৮০ ভাগ নম্বর লিখিত পরীক্ষায় এবং ২০ ভাগ নম্বর মৌখিক পরীক্ষায় রাখতে হবে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন