প্রতিমুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন: মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ক্রমেই প্রহসনে পরিণত হতে চলছে। সরকারি দল নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আবার ক্ষমতায় যেতে চায়। সেজন্য বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন, নিপীড়ন এবং যতো রকম কৌশল আছে সরকার প্রয়োগ করছে।
আজ (বুধবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি যেন তারা তাদের দায়িত্ব পালন করে। লেবেল প্লেয়িং ফিল্ড দূরে থাকুক, এখন চেষ্টা করা হচ্ছে কিভাবে আরও খারাপ করা যায়। খান-খন্দ খোড়া চেষ্টা করা হচ্ছে। প্রতিমুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন। পরিপত্র জারি করছে। যেগুলো নির্বাচনের সহায়ক নয়।
মির্জা ফখরুল বলেন, মনোনয়ন পত্র জমা দেয়ার পর থেকে গ্রেপ্তারের পরিমাণ বেড়ে গেছে। গতকাল পর্যন্ত ১৯৭২ নেতা কর্মীকে মামলা দেয়া হয়েছে। আমরা বিশ্বস্ত সুত্রে খবর পেয়েছি, জেলা দায়রা জজদের নির্দেশ দেয়া হয়েছে, নির্বাচনের পুর্বে আটককৃতদের যেন জামিন না দেয়।
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে দেশবাসীকে বলুন যে স্বাধীনভাবে আমরা দায়িত্ব পালন করতে পারছি না। দায়িত্ব পালন না করতে পারলে পদত্যাগ করা উচিত। অন্যথায় সংবিধান আপনাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা দায়িত্ব পালন করলে আমরা সাহায্য করব। কারণ দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়।
কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না: কাদের
ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ (বুধবার) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নির্বাচন হবে কিনা, এ নিয়ে কারও সন্দেহ নেই। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
‘সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘তারা নির্বাচন বানচালের নীলনকশা লন্ডন থেকে করছে। আমাদের কোনও নীল নকশায় নেই। আমাদের নীলনকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫