প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিদিন সিইসি কাছে নির্দেশনা পাঠানো হচ্ছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i66400-প্রধানমন্ত্রীর_কার্যালয়_থেকে_প্রতিদিন_সিইসি_কাছে_নির্দেশনা_পাঠানো_হচ্ছে_রিজভী
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা বাহকের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ধরনের নির্দেশনা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠানো হচ্ছে। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সিইসির দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৮ ১১:৫৩ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা বাহকের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ধরনের নির্দেশনা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠানো হচ্ছে। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সিইসির দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, আসন্ন নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে তাদের ভূমিকা ক্ষমতাসীন দলের স্বার্থের পক্ষে বলে জনশ্রুতি আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম নিয়মিত তাদের সঙ্গে ফোনে নির্বাচনের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন বলেও নানা কথা ভেসে বেড়ায়। সরকারের এজেন্ডা বাস্তবায়নের মূল দায়িত্ব এদের মধ্যে সিনিয়র একজনকে দেয়া হয়েছে। এ কমিশনারের মাধ্যমে ইসিকে এইচটি ইমাম সব ধরনের নির্দেশনা দেন।

ভোট কারচুপির জন্য পুলিশের ১২ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, দায়িত্বপ্রাপ্তরা ইতোমধ্যে সংশ্লিষ্ট জোনগুলোর বৈঠক সম্পন্ন করেছেন। রিটার্নিং অফিসারদের নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল স্থাপন করা হয়েছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা।

নির্ধারিত পরিমাণের বাইরে অতিরিক্ত ব্যালট ছাপানো হবে- এমন অভিযোগ করে রিজভী বলেন, ওই ব্যালট থানায় ভোটের আগে সংরক্ষণ করা হবে। প্রয়োজন মতো ব্যালটবাক্সে ঢোকানো হবে। প্রস্তুত করে রাখা নকল সিলপ্যাড প্রিজাইডিং অফিসারদের সরবরাহ করবে পুলিশ। নির্বাচন কমিশনে মূলসিল প্যাড এবং স্বাক্ষর থাকবে আর বিএনপির পোলিং এজেন্টদের নকল সিল ও স্বাক্ষরে মূল ফলাফল সরবরাহ করা হবে। এই বিষয়গুলো ভেতরে চলছে এবং প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ সময়, নির্বাচন ঘনিয়ে এলেও বিরোধী নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের দমন পীড়ন অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

ডা. জাফরুল্লাহ চৌধুরী

২ জানুয়ারি খালেদা জিয়া মুক্তি পাবেন: জাফরুল্লাহর আশা

এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হবে। ২ জানুয়ারি তারিখে খালেদা জিয়া মুক্তি পাবেন। তবে তিনি মুক্ত হবেন ন্যায়বিচারের মাধ্যমে। কারও দয়ায় নয়।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সরকারের উন্নয়নের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের আমলনামায় আছে উন্নয়ন জোয়ার। আর এই উন্নয়ন হলো ইয়াবা উন্নয়ন। বিনা বিচারে হত্যা গুম খুনের উন্নয়ন। কিন্তু জনগণ বোকা না। সরকারের চোখে ছানি পড়েছে, কিন্তু জনগণের চোখ খোলা আছে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৭