সরকারের নির্দেশেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i66451-সরকারের_নির্দেশেই_খালেদা_জিয়ার_মনোনয়ন_বাতিল_করা_হয়েছে_রিজভী
সরকারের হুকুমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, এমন  অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একজন কমিশনারের রায়কে উপেক্ষা করে স্বার্থসন্ধানী প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বাকি কমিশনাররা বিভক্ত ও প্রশ্নবিদ্ধ আদেশ দিয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৮ ১৪:৪৪ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

সরকারের হুকুমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, এমন  অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একজন কমিশনারের রায়কে উপেক্ষা করে স্বার্থসন্ধানী প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বাকি কমিশনাররা বিভক্ত ও প্রশ্নবিদ্ধ আদেশ দিয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন।

আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ। তিনি আরও বলেন, শনিবার আপিল শুনানি চলাকালে আইনগতভাবে ন্যায়ের পক্ষে রায় না দিয়ে বিনা কারণে সময়ক্ষেপণ করেছে ইসি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তব্য আর দলটির প্রতিনিধি দলের হস্তক্ষেপে প্রার্থীতা বাতিল করা হয়েছে।

রিজভী বলেন, আওয়ামী লীগ সব সময় খালেদা জিয়ার জনপ্রিয়তাকে নিয়ে আতঙ্কে ভুগেছে। আইনগতভাবে খালেদা জিয়ার নির্বাচন করতে কোনো বাধা না থাকলেও গভীর চক্রান্ত ও মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছে। আর দণ্ডপ্রাপ্ত পংকজ দেবনাথ, হাজি সেলিম, মহীউদ্দীন খান আলমগীর, নাজমুল হুদাসহ অনেকেরই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে।

প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এমন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, দেশে এখন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনে মানুষের জীবন ওষ্ঠাগত। গত দশ বছরে কেবল বিএনপিরই ২০ হাজারের অধিক নেতাকর্মীকে বিভিন্ন কায়দায় হত্যা করা হয়েছে। দেশে এখন প্রতিদিনই দুই থেকে তিনজন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই চরম ক্রান্তিকালে আমরা এক অকল্পনীয় আওয়ামী জুলুমের পরিস্থিতিতে নির্বাচন করছি।

বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট

এদিকে, ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার অন্যতম আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির। ৮ ডিসেম্বর আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

এছাড়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। খেলাপী ঋণের কারণে পটুয়াখালী-১ আসন থেকে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়। আর দু’টি ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি নাটোর-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

অন্যদিকে, দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা। আজ (রোববার) সকাল থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।

বঞ্চিতদের অভিযোগ, টাকার বিনিময়ে ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে বিএনপির যোগ্য প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তৃণমূলের সঙ্গে সম্পর্ক এমন প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়নি। বিভিন্ন আসনে দুর্বল প্রার্থী দেয়ায় সেসব আসনে বিএনপির পরাজয় নিশ্চিত বলেই মনে করেন তারা।

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল্লাহ; কুমিল্লা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সি; চাঁদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী এহসানুল হক মিলন; গোপালগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান সেলিম; মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলুর সমর্থকরা এ বিক্ষোভে অংশ নেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৯