বাংলাদেশে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
https://parstoday.ir/bn/news/bangladesh-i67212-বাংলাদেশে_একাদশ_জাতীয়_সংসদের_প্রথম_অধিবেশন_৩০_জানুয়ারি
বাংলাদেশে নবনির্বাচিত একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি। এটি হবে নতুন সংসদের শীতকালীন অধিবেশন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৯ ১৫:১২ Asia/Dhaka
  • জাতীয় সংসদ
    জাতীয় সংসদ

বাংলাদেশে নবনির্বাচিত একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি। এটি হবে নতুন সংসদের শীতকালীন অধিবেশন।

দেশের সংবিধান অনুযায়ী,  নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ৩০ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ অধিবেশন বসতে হবে। বর্তমান দশম সংসদের মেয়াদ শেষ হবে ২৮ জানুয়ারি।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে যাত্রা শুরু হবে একাদশ জাতীয় সংসদের।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাল মন্ত্রিসভা

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চতুর্থবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠন শেষে আজ (বুধবার) দুপুর ১২টার মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে সকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা এসি বাসে চড়ে  টুঙ্গিপাড়ার যান।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সদস্যগণ ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাভার জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন