বাংলাদেশে শিশু-বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা: প্রতিক্রিয়া চিকিৎসকদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i67411-বাংলাদেশে_শিশু_বৃদ্ধদের_বিনামূল্যে_চিকিৎসার_ঘোষণা_প্রতিক্রিয়া_চিকিৎসকদের
বাংলাদেশে এক বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশী বয়সী নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার ঘোষণা দিয়েছেন সরকারের নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৯ ১১:২৯ Asia/Dhaka

বাংলাদেশে এক বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশী বয়সী নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার ঘোষণা দিয়েছেন সরকারের নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

গতকাল (বুধবার) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার মন্ত্রণালয়ের প্রথম ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, 'স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সিন্ডিকেট বন্ধে তদারকি জোরদার করা হবে।’

এদিকে চিকিৎসা নিতে আসা একজন ভুক্তভোগী বলেন, তার মেয়ের তিনদিন ধরে প্রস্রাব-পায়খানা বন্ধ। কিন্তু কোনো ডাক্তারের কাছেও দাঁড়াতে পারছে না। আর একজন জানালেন, জরুরি রোগী নিয়ে এলেও রাত ১২টার পর চেম্বারে ডাক্তার পাওয়া যায় না।

দেশের স্বাস্থ্য সেবা প্রসঙ্গে সরকারপন্থি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার ইকবাল আর্সলান বলেন, 'যে জনবল আছে, সে জনবলগুলো সঠিকভাবে বিন্যস্ত না। রেফারেন্স সিস্টেম না থাকার কারণে রাজধানীতে চাপ পড়ছে। রোগীগুলো সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।'

তাছাড়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স সাবেক ভিসি অধ্যাপক লিয়াকত আলী বলেন, 'জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশে যথেষ্ট আইন তৈরি হয়নি। টেস্টগুলোর কত রেট হবে সেই রেটগুলোই স্থির হয়নি।’

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আশ্বাস দিয়েছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই নতুন সরকারের দায়িত্ব।

এর আগে গত রোববার (১৩ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকরা যাতে গ্রাম থেকে তৃণমূল জনগণকে স্বাস্থ্যসেবা দিতে পারে সেজন্য উপজেলা পর্যায়ে চিকিত্সকদের বাড়ি-গাড়ির ব্যবস্থা করা হবে। তাছাড়া, অতীতের ক্রটি বিচ্যুতি সংশোধন করে স্বাস্থ্যখাতের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, হাসপাতালে জনবলের উপস্থিতি, যন্ত্রপাতির সঠিক পরিচর্যা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং ওষুধের পর্যাপ্ততা নিশ্চিত করতে শিগগিরই মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন