নীতি ও আদর্শের ঘাটতি কারণে ঐক্যফ্রন্ট টিকবে না: ওবায়দুল কাদের
-
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের
বিএনপি, গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, এ জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। আর এ জোট যেভাবে গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এটি টিকবে না।
আজ (শুক্রবার) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
সংরক্ষিত নারী আসনে এবার আগ্রহী প্রার্থীর সংখ্যা বেশি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় প্রার্থীও বেড়েছে। তবে ত্যাগী নেতাকর্মীদেরই এ পদের জন্য মূল্যায়ন করা হবে। বিশেষ করে নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।
আগামীকালের (শনিবার) সমাবেশে প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার না করতে সতর্ক করবেন তিনি। এছাড়া দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা পুনরুল্লেখ করে, নেতাকর্মীদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানাবেন দলের সভাপতি। বিশেষ করে মাদক নির্মূল অভিযানে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আসবে এ সমাবেশ থেকে।
জাতীয় সংলাপের নাটক করছে ঐক্যফ্রন্ট: তথ্যমন্ত্রী
এদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে ভরাডুবির লজ্জা ঢাকতে আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই জাতীয় সংলাপের নাটক করছে ঐক্যফ্রন্ট।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। ১৯ জানুয়ারি আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করতে এ বর্ধিত সভা করে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এ সময়, জাতীয় নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদনের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, নির্বাচনি প্রতিবেদন প্রকাশের নামে পরাজিত দলকে টেনে তোলার চেষ্টা করছে টিআইবি।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন