নাইকো মামলা: হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির
-
খালেদা জিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় কারাগার থেকে হুইল চেয়ারে করে কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়েছে।
আজ এই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে দুপুর ১২টা ২০ মিনিটে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বেলা ১টা ৫৫ মিনিটে তাকে ফের কারাগারে নেয়া হয়।
খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আংশিক শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এরপর তিনি সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। অপর আসামি শহিদুল হকের পক্ষে অপর এক আইনজীবী আংশিক শুনানি করে সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
উল্লেখ্য, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালে তৎকালিন সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের নির্দেশে তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার দল ক্ষমতায় আসার পর আদালতের মাধ্যমে সে অভিযোগ প্রত্যাহার করা হয়।
বর্তমানে চলমান এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন