কুমিল্লায় নাশকতার মামলা: খালেদার আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i67543-কুমিল্লায়_নাশকতার_মামলা_খালেদার_আবেদন_৪_ফেব্রুয়ারির_মধ্যে_নিষ্পত্তির_নির্দেশ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে। আজ (বুধবার) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৯ ০৯:৩৫ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে। আজ (বুধবার) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি বিচারিক আদালতে নিষ্পত্তি করার নির্দেশ দেন।

পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ওই আদালতে শুনানি চার বার পেছানো হয়। এখন ৪ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করা আছে। ওইদিনই আবেদনটি নিষ্পত্তি করতে হবে।

গত ২০ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই দিন আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০-দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন