জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে কেন: কাদেরের প্রশ্ন
https://parstoday.ir/bn/news/bangladesh-i67555-জনগণ_বিএনপির_ডাকে_সাড়া_দেবে_কেন_কাদেরের_প্রশ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১০ বছর ধরে বিএনপি শুধু আন্দোলনের ঘোষণা দিয়ে এসেছে কিন্তু আন্দোলন করতে পারেনি। কারণ, জনগণ সাড়া দেয়নি। আর এখন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর যখন জনগণ শান্তিতে আছে, বিএনপির আন্দোলনের ডাকে তারা কেন সাড়া দেবে!
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৯ ১৫:২২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১০ বছর ধরে বিএনপি শুধু আন্দোলনের ঘোষণা দিয়ে এসেছে কিন্তু আন্দোলন করতে পারেনি। কারণ, জনগণ সাড়া দেয়নি। আর এখন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর যখন জনগণ শান্তিতে আছে, বিএনপির আন্দোলনের ডাকে তারা কেন সাড়া দেবে!

আজ (বুধবার) রাজধানীর বনানীতে নব নির্মিত বিআরটিএ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে’ -বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের আন্দোলনের আহ্বান জানানো ছাড়া আর কিছু করার নেই। কারণ জনগণ তাদের আহ্বানে সাড়া দেবে না।

পরিদর্শনকালে বিআরটিএ’র অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগের তুলনায় বিআরটিএ অফিসগুলোতে হয়রানি অনেক কমেছে। তারপরও ভেতরে অনেক সমস্যা আছে। এসবও বরদাশত করা হবে না। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।’

আধুনিক যুগোপযোগী সেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিএ’কে ঢেলে সাজানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বিআরটিএ’তে এসে মানুষ যেন হয়রানি না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

বিআরটিএ’র অসাধু কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের সংশোধন করুন। না হয় কোনও ছাড় দেওয়া হবে না। টোল আদায়ের নামে মেঘনা-গোমতীতে কোনোভাবেই হয়রানি করা যাবে না।’

সেতুমন্ত্রী বলেন, আজ (বুধবার) পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসেছে। এর মধ্য দিয়ে সরকারের এ মেগা প্রকল্পটির এক কিলোমিটার দৃশ্যমান হলো। এ বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে। এভাবে প্রকল্পের পর প্রকল্প শেষ করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন