সরকারের ষড়যন্ত্র সফল হবে না- ফখরুল : কোন্দলেই ভাঙবে বিএনপি- কাদের
-
ওবায়দুল কাদের- মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বিভক্ত করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ (বৃহস্পতিবার) আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে বিএনপিকে ঘিরে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। চক্রান্ত হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেয়ার জন্য।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, কোনো দিনই তাদের (সরকার) ষড়যন্ত্র সফল হবে না। যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি বারবার বিপর্যয়ের মুখে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে ধারণ করে। সে জন্যই বিএনপির প্রতি তাদের এত দুর্বলতা, বিএনপিকে তারা ভালোবাসে। সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা শিরীন সুলতানা, মীর নেওয়াজ আলী নেওয়াজ, হালিমা নেওয়াজ আরলি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দ বনানীতে কোকোর কবর জিয়ারত করেন।
ঘরোয়া কোন্দলের জন্যই বিএনপি ভাঙবে: কাদের
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঘরোয়া কোন্দলের জন্যই বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপি ভেঙে ফেলার। বরং বিএনপি ঐক্যবদ্ধ থাকলে, বিপরীত পক্ষ শক্ত থাকলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অংশ না নিলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
নির্বাচনে অংশ নিতে বিএনপি ছাড়াও অনেক দল মাঠে রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না, অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হবে না।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন