স্থানীয় সরকার নির্বাচনে না এলে বিএনপি নতুন সংকটে পড়বে: ওবায়দুল কাদের
-
বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলে বিএনপির নতুন সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নির্মানাধীন ফ্লাইওভার পর্যবেক্ষণ শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তাদের নির্বাচনে আসা না আসা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। তবে একটা দল নির্বাচনে অংশগ্রহণ না করার যে পরিণতি, সেটা তাদের অচিরেই ভোগ করতে হবে। কারণ এতে তারা আরো নতুন নতুন সংকটে পতিত হবে।
জাতীয় নির্বাচনে বিপর্যয়ের পর বিএনপি দিশেহারা হয়ে পড়েছে, এমন মন্তব্য করে তিনি বলেন, পথিক যেমন পথ হারিয়ে দিশেহারা হয়ে যায়, নির্বাচনে পরাজয়ের পর বিএনপির অবস্থা সে রকম। তারা আজকে সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশে মুসলীম লীগও একটা বড় দল ছিল। বিএনপিও মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে কি না, সে আশঙ্কা দেখা দিয়েছে। নির্বাচন বয়কটের মধ্যে দিয়ে তারা তো নিজেদের আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ ও আত্মঘাতের পথ বেঁছে নিয়েছে বলে মনে হয়।
বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সামনে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন, উপজেলা নির্বাচন, ঢাকা উত্তর সিটিরও উপ-নির্বাচন আছে। এসব নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিসহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি।
পরিদর্শনকালে সড়ক ও জনপথের (সওজ) ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়ামসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৫
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন