ঐক্যফ্রন্টের এমপিরা শপথ নিতে জনগণের চাপে আছেন: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i67746-ঐক্যফ্রন্টের_এমপিরা_শপথ_নিতে_জনগণের_চাপে_আছেন_ওবায়দুল_কাদের
বিএনপি ও গণফোরাম এমপিদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৯ ১২:৩০ Asia/Dhaka
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভায় ওবায়দুল কাদের
    ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভায় ওবায়দুল কাদের

বিএনপি ও গণফোরাম এমপিদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভা শেষে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বিরোধী দল, তারা সংসদে গিয়ে গঠনমূলক সমালোচনা করবে। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদে যাওয়া উচিত। আশা করি, তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে সংসদে যোগ দেবে।

বিএনপি ও গণফোরামের এমপিদের সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিতে জনগণের চাপে আছেন। তারা জনগণের চাপেই শপথ নেবেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন নির্বাচনের দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে মির্জা ফখরুল কীভাবে নির্বাচিত হলেন? এই রহস্য জানাবেন কি? নির্বাচন নিয়ে জনগণের প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া নেই, নির্বাচন নিয়ে বিদেশেও কোনো অভিযোগ নেই। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

বিএনপির নতুন নির্বাচনের দাবি হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক বিশ্ব বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত নয়। তাই সারা দুনিয়া নতুন সরকারের স্বীকৃতি দিয়েছে।

তিনি বলেন, বিদেশিদের কাছে তারা এই নির্বাচনকে অগ্রহণযোগ্য করে তুলতে পারেনি। দেশেও নির্বাচনের বিরুদ্ধে বলে তারা জনগণের মধ্যে কোনো সাড়া জাগাতে পারেননি। নিজেরা বসে বসে প্রেস ব্রিফিং করে তারা আবারও নালিশের রাজনীতি শুরু করেছে। এরকম নালিশ করে তারা কোন কিছুই অর্জন করতে পারবে না।

১৪ দলীয় জোটের শরিকরা তাদের অবস্থান নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন রাশেদ খান মেননের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল মানেই সরকারের সমালোচনা করবে, তা নয়। তারাও সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। কেন তারা বিব্রতবোধ করছেন সে ব্যাপারে তাদের সাথে কথা বলতে হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের ওই সভায় শুক্র ও শনিবার ছাড়া মহানগরীতে মিছিল না করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্কুল ও হাসপাতালের সামনে হর্ন বাজানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন