'খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা'
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রাজনৈতিক মামলার কারণে নয়, খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করে আটকে রাখা হয়েছে। তাই আইনের সাধারণ প্রক্রিয়ায় তাকে মুক্ত করা কঠিন হবে। কারণ বর্তমান সরকার সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই সরকারের সদিচ্ছা ছাড়া তাকে মুক্ত করা যাবে না।
আজ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা। যতদিন পর্যন্ত রাজপথ উত্তপ্ত না হবে, ততদিন পর্যন্ত খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় জেল থেকে বের করা যাবে না।
খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাওয়া সঠিক হয়েছে কিনা, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে তার মুক্তির ব্যবস্থা না করে আমরা নির্বাচনে গেছি, গণতন্ত্রকামী মানুষের ওপর ভরসা করে। কিন্তু আজকে সময় এসেছে, জাতি উপলব্ধি করেছে, খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন করা কতটা সঠিক হয়েছে? আমাদের নেতারা একদিন সে জবাব দেবেন এবং ইতিহাসও সে কথা বলবে।
দল ও জোটের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতাদের প্রতি অনুরোধ করব, আপনারা একটি মাত্র ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন, সেটা হলো খালেদা জিয়ার মুক্তি।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আজকের সরকার প্রতারণা করে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহায়তায় ক্ষমতায় এসেছে। বঙ্গবন্ধুর বাকশালের মতো, এবার শেখ হাসিনা প্রহসনের ভোটে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। আগামী নির্বাচন অতি শিগগিরই হবে। সরকারকে সরে যেতে হবে।
গণভবনে যাবে না জাতীয় ঐক্যফ্রন্ট
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে জাতীয় ঐক্যফ্রন্টের কেউ যাবেন না। এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে তারা।
আজ (শুক্রবার) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ চিঠি পৌঁছে দেয় ঐক্যফ্রন্টের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. খোরশেদ আলম এই চিঠি গ্রহণ করেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন