গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে- ফখরুল : বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি- কাদের
-
ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার ০২ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন ‘আওয়াজ’ আয়োজিত 'সহিংসতা ও নারী: বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
আওয়ামী সরকার দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘রাষ্ট্রের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে সরকার, সাধারণ মানুষের যাওয়ার জায়গা নেই। যে দেশে জনগণের নিরাপত্তা নেই, যেদেশে নির্বাচনে রাষ্ট্রকে ব্যবহার করা হয়, যেখানে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, সেখানে নারী অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।’
তিনি বলেন, আমরা সবাই জানি গত দশ বছর ধরে বাংলাদেশে একটি দলের শাসন চলছে। তারা ছলে বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রকে পুরোপুরিভাবে ধংস করে দেওয়ার উপক্রম করেছে। গত নির্বাচনে দেখলাম অত্যন্ত সচেতনভাবে তাদের ক্ষমতায় নেওয়ার জন্য রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার আর কিছু হতে পারে না।
মির্জা ফখরুল আরো বলেন, 'আজকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা ভয় পাবেন না, সারাদেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। সুতরাং এখন সাহস নিয়ে লড়াই করতে হবে।'
বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি।’ তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেবে কি না, তা তাদের নিজস্ব ব্যাপার।
শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের, সাংবাদিকদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে।
তাছাড়া, গতকাল চট্রগ্রামে ভিন্ন এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র জনপ্রিয়তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। বিগত নির্বাচনেই বিএনপি তা প্রমাণ পেয়েছে’।
বিএনপি’র উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা হাত প্রসারিত করেছি আপনারাও আপনাদের হাত প্রসারিত করুন। তাহলে আপনাদের রাজনীতি বাঁচবে, বিএনপি টিকবে’।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন