ত্রিপুরায় তরুণীসহ গ্রেফতার ৭, পলাতক দালাল, তদন্তে পুলিশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i67854-ত্রিপুরায়_তরুণীসহ_গ্রেফতার_৭_পলাতক_দালাল_তদন্তে_পুলিশ
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ৬ তরুণীসহ ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (রোববার) তাদেরকে উত্তর ত্রিপুরার ধর্মনগর রেল ষ্টেশন থেকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা বলছেন, ধৃতদের সকলের বয়স ১৮ বছরের কম। এ নিয়ে গত দুই সপ্তাহে ত্রিপুরাতে ৬৮ জন রোহিঙ্গা পুলিশের হাতে গ্রেফতার হল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৭:৩৯ Asia/Dhaka
  • আটক ৬ রোহিঙ্গা তরুণী
    আটক ৬ রোহিঙ্গা তরুণী

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ৬ তরুণীসহ ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (রোববার) তাদেরকে উত্তর ত্রিপুরার ধর্মনগর রেল ষ্টেশন থেকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা বলছেন, ধৃতদের সকলের বয়স ১৮ বছরের কম। এ নিয়ে গত দুই সপ্তাহে ত্রিপুরাতে ৬৮ জন রোহিঙ্গা পুলিশের হাতে গ্রেফতার হল।

রেল পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, কোনো দালাল চক্র এদেরকে কোলকাতা অথবা অসমের শিলচরে বিক্রি করার চেষ্টা করছিল। রেল পুলিশের তৎপরতার মধ্যে সংশ্লিষ্ট দালাল ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

রোববার সকালে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর রেল স্টেশনে দাঁড়ালে আরপিএফ জওয়ানরা সেটিতে রুটিন তল্লাশি চালায়। এসময় ওই রোহিঙ্গারা রেল পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাঁদেরকে ধর্মনগর থানায় নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ধৃত রোহিঙ্গাদের ভাষা বুঝতে ব্যর্থ হলেও তাঁরা মিয়ানমারের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

রেল নিরাপত্তা বাহিনীর সহকারী উপ-পরিদর্শক লক্ষণ দেব বর্মণ গণমাধ্যমকে বলেন, ধর্মনগর স্টেশন চত্বরে কয়েকজনের আচরণ এবং কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাদের আটক করেন। গ্রেফতার হওয়া ছয় তরুণী ও এক তরুণের প্রত্যেকেরই বয়স ১৮ বছরের নীচে।

লক্ষণ দেব বর্মণ বলেন, ‘ওরা সকলেই জেনারেল ক্যাটেগরির টিকিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিল। ওদের কাছে অসমের বদরপুর জংশন পর্যন্ত যাওয়ার টিকিট ছিল। পরে জানা যায় ওরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা।’

ধৃত ওই রোহিঙ্গাদের পরে ত্রিপুরা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। উত্তর ত্রিপুরার জেলা পুলিশ সুপার ভানুপদা চক্রবর্তী বলেন, ধৃত রোহিঙ্গারা কীভাবে ত্রিপুরায় পৌঁছল তা তদন্ত করা হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন