ঝুঁকি নিতে না পারলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i67933-ঝুঁকি_নিতে_না_পারলে_বিএনপির_ভবিষ্যৎ_অন্ধকার_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের কারণে বিএনপি ইমেজ সংকটে ভুগছে। তাই জনগণ তাদের আন্দোলনে সাড়া দেবে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১৫:১২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের কারণে বিএনপি ইমেজ সংকটে ভুগছে। তাই জনগণ তাদের আন্দোলনে সাড়া দেবে না।

বিএনপির কালো ব্যাজ কর্মসূচির বিষয়ে আজ (বৃহস্পতিবার) সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, 'বিরোধী দল হিসেবে সংসদে যারা ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন সংসদ চলাকালে তাদের ভূমিকার ওপর নির্ভর করছে জনগণের সুস্বাস্থ্য।'

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, দুঃসময়ে বিএনপির নেতারা ঝুঁকি নিতে না পারলে তাদের দলের ভবিষ্যৎ অন্ধকার। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ঝুঁকি নেওয়ার সাহস নেই, কী রাজনীতি করে? 

বিএনপির পুনর্নির্বাচনের দাবি আন্দোলনের ডাক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এই ডাক তামাদি হয়ে গেছে। বিএনপি এখন আন্দোলনের ডাক দিলে জনগণের কোনো সাড়া তারা পাবে না। কারণ দেশে-বিদেশে তারা দুর্নীতির জন্য, সন্ত্রাসের জন্য ইমেজ সংকটে আছে। তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, তাদের ইমেজ সংকট দূর করা। 

বর্তমান সরকারের ১৪ দলের শরিকদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের অন্তর্গত কোনো টানাপড়েন চলছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। কোনো টানাপড়েন নেই। (তারা) অসন্তুষ্ট, এ ধরনের কোনো অভিযোগ নেই। সমস্যা হলে আমরা তো আছিই।’

কাদের বলেন, তাঁরা সরকারে থাকতে চান কীভাবে? তাঁরা মন্ত্রী হতে চান, এ কথা তাঁরা কেউই বলেনি। আমাদের যাঁরা মন্ত্রী ছিলেন, সিনিয়র মিনিস্টার, তাঁরাই তো এখন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট অনেকেই। রেসপনসিবল ভূমিকা পালন করলেই তো হয়। দায়িত্বশীল ভূমিকা পালন করবে। গঠনমূলক সমালোচনাও তাঁরা করতে পারেন; করার অধিকার আছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন