গ্যাটকো মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ ফেব্রুয়ারি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্যাটকো দুর্নীতি মামলার সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছেন রাষ্ট্রপক্ষ। এ মামলায় অভিযোগ গঠনের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
আজ (বৃহস্পতিবার) বেলা ১২টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বেলা ২টার দিকে তাকে আবারও কারাগারে নেয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশারফ হোসেন কাজল অভিযোগ গঠনের শুনানি করেন। তিনি বলেন, "খালেদা জিয়াসহ মামলার সব আসামি গ্যাটককোকে অবৈভাবে কাজ পাইয়ে দেয়ার জন্য অর্থ আত্মসাৎ করেছেন। এতে রাষ্ট্রের ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি প্রমাণ করার জন্য আমাদের কাছে যথেষ্ট আলামত ও সাক্ষ্য প্রমাণ রয়েছে। এর ভিত্তিতে আমরা আশা করছি, আসামিদের শাস্তির আওতায় আনতে পারব। তাই খালেদাসহ সব আমির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করছি।"
উল্লেখ্য, তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন