সংসদ নির্বাচন নিয়ে বিএনপির মামলায় আওয়ামী লীগ বিব্রত নয়: কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের করা মামলায় নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিব্রত নয়। মামলার জবাব নির্বাচন কমিশন আর ট্রাইব্যুনাল দেবে। এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপিকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে মনে মনকলা খেতে পারে। তারা নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগের অন্তঃকলহ বাড়বে; তাতে বিএনপির লাভটা কী? রেজাল্ট কি তাদের পক্ষে যাবে? আওয়ামী লীগের যদি নৌকা প্রার্থী না জেতে, তাহলে বিদ্রোহী প্রার্থী জিতবে। সেও তো আওয়ামী লীগের। তাতে বিএনপির লাভ কী?
জামায়াত নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে জামায়াতের নবীন প্রবীনদের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ভবিষ্যতে তারা রাজনীতিতে থাকবে কিনা সিদ্ধান্তহীনতায় আছে। আর তারা যদি নতুন নামে রাজনীতিতে আসে, সেইসঙ্গে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তাদেরকে রাজনীতিতে স্বাগত জানাবে কি না। তবে, দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে আদালতের ওপর হস্তক্ষেপ করা হবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপির দায়ের করা মামলা ভিত্তিহীন: আইনমন্ত্রী
এদিকে, নির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপির মামলা দায়েরের সমালোচনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দায়ের করা মামলা সম্পূর্ণভাবে ভিত্তিহীন।
আজ (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এ সত্যটা মেনে নিতে হবে।
এছাড়াও সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে হাউজ অব কমনসের যে ৬ জন রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছেন, তাদের বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন