জামায়াতের সঙ্গে বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত: হাছান মাহমুদ
-
ড. হাছান মাহমুদ
বাংলাদেশ জামায়াতে ইসলাম দলগতভাবে ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যার দায় মুক্তি পেতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জামায়াতকে নিয়ে একসঙ্গে নির্বাচন করা ও সরকার গঠন করার জন্য বিএনপিও একই অপরাধে অপরাধী। জামায়াতের সঙ্গে বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত।’
আজ (বুধবার) দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন,‘গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, জামায়াতের ভেতর থেকে দাবি উঠে এসেছে ক্ষমা চাওয়ার। তাদের কয়েকজন নেতা ঘোষণা দিয়েছে পদত্যাগও করেছেন। আমি মনে করি, এই পদত্যাগের ঘোষণা বা তাদের মধ্য থেকে ক্ষমা চাওয়ার যে কথাবার্তা বলা হচ্ছে, এগুলো দেশি-বিদেশি চাপমুক্ত হওয়ার একটি কৌশল।’
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্বাধীনতার বিরোধীতা যারা করছে, আমরা অবশ্যই তাদের শাস্তি ও বিচার চাই। তবে যারা গণতন্ত্র হত্যা করেছে তারাও তো আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই! সুতরাং আমারা মনে করি, যারা অপরাধ করেছে, তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। আর আমরা যদি কোন দোষ করি তাহলে আমাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন