বাংলাদেশে প্রথম জাতীয় ভোটার দিবস পালিত: বাস্তবতা ও প্রত্যাশা
বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস। এমন এক সময়ে ভোটার দিবস পালিত হলো, যার একদিন আগেই (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত ৩৬ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আবার একাদশ জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাও সবার সামনে জ্বলজ্বল করছে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে নানা আয়োজন ছিল নির্বাচন কমিশনের। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও জেলা ও বিভাগীয় শহরগুলোতেও শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজন ছিল দিনভর। আজ (শুক্রবার) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয় জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা। এতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। অংশ নেয় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের অধিকার সুনিশ্চিত করতে কমিশন কাজ করে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে উৎসাহ উদ্দীপনা, ভোটাধিকার সুনিশ্চিত করণ ও সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হচ্ছে।
জাতীয় ভোটার দিবস পালনের বিষয়ে প্রথম দাবি তোলার কথা জানিয়েছেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) সাবেক পরিচালক ডক্টর আব্দুল আলীম। তিনি জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে ভোটারদের জন্য একটি দিন খুবই গুরুত্বপূর্ণ। যে দিনটি নির্বাচন কমিশন বা অন্য কারো হবে না, হবে শুধু ভোটারদের জন্য। জাতীয় পরিচয়পত্র বা ভোটার তালিকা হালনাগাদ করার যে সেবা নির্বাচন কমিশন দেয়, সেটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের অফিসে জনগণকে ওয়ানস্টপ সার্ভিস দিতে হবে।
জাতীয় ভোটার দিবস থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর কথাও বলেন এ নির্বাচন বিশেষজ্ঞ। তার মতে, এ দিন থেকে হালনাগাদ কার্যক্রম শুরু হলে আলাদা প্রচারণার দরকার হবে না। মানুষ জেনে যাবে, প্রতি বছর ১ মার্চ ভোটার দিবসে হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এতে অহেতুক ভোগান্তি কমে যাবে বলেই মনে করেন তিনি।

প্রথম জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘ভোটার হব ভোট দেব’। দিনটি উপলক্ষে নতুন সাজে সেজেছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে দিবসের আলোচনা সভায় অংশ নেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ। গত বছরের ২ এপ্রিল গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন