সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের
-
বিএসএমএমইউতে ডা. দেবী শেঠী
গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স (আজ) সোমবার বিকেল ৪টা ১২ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। ওবায়দুল কাদেরের সঙ্গে তার পরিবার ও মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন।
এর আগে আজ পৌনে চারটার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
তার আগে (সোমবার) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিঙ্গাপুরিয়ান টিমকে জানানো হয়েছে। এখন বিষয়টি তাদের ওপর নির্ভর করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরের এটাই সর্বোত্তম সময়।
কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর সাংবাদিকদের তিনি আরও বলেন, ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে তাকে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল সন্ধ্যা থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরের একটি চিকিৎসক প্রতিনিধি দলও এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন।
আজ বেলা দেড়টার দিকে ওবায়দুল কাদেরের অবস্থা দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর তিনি যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দেন।
এর আগে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছিলেন, ওবায়দুল কাদেরের অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. দেবী শেঠি।
আজ সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কাদেরকে দেখতে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।
হানিফ বলেন, হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদল চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। এছাড়া মেডিকেল বোর্ডের সঙ্গে দেবী শেঠীর বৈঠক হওয়ার কথা রয়েছে। দুপুর ১টার দিকে এ নতুন মেডিকেল বোর্ডের মিটিংয়ে বসার কথা। সেখানেই সব সিদ্ধান্ত হবে। পরবর্তী চিকিৎসা কি হবে সেটাও নির্ধারণ করা হবে সেখানে। তাছাড়া তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা সেটাও ওই বোর্ড সিদ্ধান্ত নেবে।
এদিকে, মারাত্মক অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকেই এই দোয়া চাওয়া হয়। মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৪