সুলতান মনসুরের শপথ: ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i68655-সুলতান_মনসুরের_শপথ_ঐক্যফ্রন্ট_ও_আওয়ামী_লীগ_নেতাদের_প্রতিক্রিয়া
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে  শপথ গ্রহণ করেছেন। তবে, শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গণফোরাম থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৭, ২০১৯ ১৫:০৩ Asia/Dhaka

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে  শপথ গ্রহণ করেছেন। তবে, শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গণফোরাম থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি।  

আজ (বৃহস্পতিবার) বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

তিনি জানান, "গণফোরামের নীতিবিরোধী, আদর্শবিরোধী, জনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুলতান মনসুরের গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো এবং গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও তাঁকে বহিষ্কার করা হলো।"

গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, "নির্বাচনের আগে আমরা জাতির কাছে যে ওয়াদা করেছি তা রাখতে পারিনি। এজন্য আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি।"

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে 'ভোট ডাকাতির নির্বাচন' বলে প্রত্যাখ্যান করার কারণে বিজয়ী দু’জন জোটের সিদ্ধান্ত মেনে এতদিন শপথ নেননি। আজ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে সুলতান মনসুর।

শপথ  গ্রহণের পর সুলতান মোহাম্মাদ মনসুর বলেছেন, এ আসন থেকে এর আগে তিনি নৌকা মার্কা নিয়ে সংসদ সদস্য হয়েছিলে, এবার ধানের শীষ নিয়ে জয়ী হয়েছেন। তিনি সংসদে এলাকার জনগণের প্রতিনধিত্ব করবেন। 

এদিকে, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মাহবুব-উল আলম হানিফ বলেন, 'যারা আজকে শপথ নিচ্ছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। আর বিএনপিসহ অন্যান্য যারা শপথ নেননি, তাদের এই সময়ের মধ্যেই সংসদে গিয়ে শপথ নিতে আহ্বান জানাচ্ছি।'

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুরের  সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণকে জোটের অঙ্গীকার ভঙ্গ বলে দাবি করেছেন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমি শুধু এটুকু বলব, রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী ছলনাময়ীরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হবে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

এদিকে, ঐক্যফ্রণ্টের অন্যতম শীর্ষ নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ প্রসঙ্গে মন্তব্য করেছেন, ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পর জোটের সিদ্ধান্ত লঙ্ঘন করে শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর অনৈতিক কাজ করেছেন। এছাড়া এখানে টাকা-পয়সারও লেনদেন থাকতে পারে বলেও তিনি  মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মহাজোটের শরীক বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭