বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
-
মাহাবুব আলম শাহীন
বাংলাদেশের বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহাবুব আলম শাহীনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার) দিবাগত রাত ১১টায় শহরের ঝোপগাড়ী নিশিন্দারাস্থ হাউজিং এস্টেট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সামসুজ্জামান জানিয়েছেন, গতকাল (রোববার) রাত সাড়ে ১০টার দিকে উপশহর বাজারে সাত/আট দুর্বৃত্ত বিএনপি নেতা শাহীনকে কুপিয়ে হত্যা করে। অ্যাডভোকেট মাহাবুব আলম শাহীন শহরের ধরমপুর এলাকার বাসিন্দা।
এএসআই আরো বলেন, মাহাবুব আলম শাহীন রাত সাড়ে ১০টার দিকে উপশহর বাজার থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় সাত/আট দুর্বৃত্ত তাঁর পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও দা দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এ সময় বাজারে বেশ লোকজন ছিল। বিএনপি নেতাকে কুপিয়ে ফেলে রেখে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে সটকে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এএসআই জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা হবে।
ঘটনার পর পরই জেলা পুলিশ সুপার আলী আশরাফসহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা পুলিশের মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শাহীনকে কারা কেন হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ আটকও হয়নি।
এদিকে, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন রাত ১২টার দিকে হাসপাতালে ছুটে যান। এসময় উপস্থিত সাংবাদিকদের কাছে ভিপি সাইফুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫