শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন উচ্চতায়: হাছান মাহমুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i70295-শেখ_হাসিনার_নেতৃত্বে_বাংলাদেশ_আজ_নতুন_উচ্চতায়_হাছান_মাহমুদ
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতার মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে সবসময় ছিল এবং আছে। একইসঙ্গে তৃণমূল নেতাদের নিষ্ঠা এবং একাগ্রতাই দলের মূল চালিকাশক্তি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১১, ২০১৯ ১৪:২৩ Asia/Dhaka
  • ড. হাছান মাহমুদ
    ড. হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতার মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে সবসময় ছিল এবং আছে। একইসঙ্গে তৃণমূল নেতাদের নিষ্ঠা এবং একাগ্রতাই দলের মূল চালিকাশক্তি।

আজ (শনিবার) চট্টগ্রামে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভায় তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরও বলেন, ‘আমরা যখন ক্ষমতার বাইরে ছিলাম, এই আমরাই দেশের প্রধান রাজনৈতিক দল ছিলাম। আজকে দল পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

মাহবুব-উল আলম হানিফ

'বিএনপি-জামায়াত বাংলাদেশকে  ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়'

অনুষ্ঠানে বক্তৃতাকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, বিএনপি-জামায়াত এখনো পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

হানিফ বলেন, ‘বিএনপি’র প্রতিষ্ঠাতা কোন সত্যিকার মুক্তিযোদ্ধা ছিল না। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তার সৃষ্ট দলও  সবসময়ই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

এ সময় তারেক রহমান বিভিন্ন মামলার আসামি হয়েও লন্ডনে বসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন বলেও মন্তব্য করেন হানিফ। বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

'শেখ হাসিনা একজন জনদরদী নেত্রী'

ওদিকে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কাজ শুরু করেছে। এর আওতায় অবহেলিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে প্রতিমাসে ভাতা প্রদান করা হচ্ছে। শেখ হাসিনা যে একজন জনদরদী নেত্রী এবং তাঁকে ভোট দিলে যে সাধারণ মানুষ সুখে থাকে এই কর্মসূচি তার প্রমাণ।

শনিবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরে অবস্থিত আফসানা মঞ্জিলে ২০১৮-১৯ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের সময় দেশের মাথাপিছু আয় ছিল ৫৩৬ ডলার। এখন সেই মাথাপিছু আয় বেড়ে ২১শ’ ডলারে উন্নীত হয়েছে। শেখ হাসিনাই বিশ্বে একমাত্র নেত্রী যিনি নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১