সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে, দুর্ভোগের চিত্র নেই: কাদেরের দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i70859-সড়কপথে_ঈদযাত্রা_স্বস্তিদায়ক_হচ্ছে_দুর্ভোগের_চিত্র_নেই_কাদেরের_দাবি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, 'এবার  সড়কপথে ঈদযাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক হচ্ছে। এখনও কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই। ঈদ পর্যন্ত স্বস্তিকর যাত্রা অব্যাহত থাকবে বলে আশা করছি।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০১, ২০১৯ ১১:০১ Asia/Dhaka
  • (বামে) ওবায়দুল কাদের
    (বামে) ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, 'এবার  সড়কপথে ঈদযাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক হচ্ছে। এখনও কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই। ঈদ পর্যন্ত স্বস্তিকর যাত্রা অব্যাহত থাকবে বলে আশা করছি।'

আজ (শনিবার) বেলা ১১টায় রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সড়কে চাঁদাবাজির এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সড়কে নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কোনো সম্ভাবনা নেই আদালত তাকে (খালেদা) সাজা দিয়েছেন এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগ্যাল ব্যাটল করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারেন। বিষয়টি আদালতের এখতিয়ার।

বিএনপির আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যে কথা বলে, তারা খালেদা জিয়াকে আন্দোলন করে বের করবে। খালেদা জিয়ার সাজা পাওয়ার পর এত দিন চলে গেল, আন্দোলনের উত্তাপ রাজপথে সঞ্চারিত করতে পারেনি বিএনপি, সেটা তাদের ব্যাপার।

বিএনপির আন্দোলন হবে আদালতের বিরুদ্ধে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন যদি তারা করেন, সেই আন্দোলনও তো সরকারের বিরুদ্ধে না; সাজা দিয়েছেন আদালত, আদালতের বিরুদ্ধে তারা আন্দোলন করতে পারেন। এখানে সরকারের কিছুই করণীয় নেই।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।