ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএম পদ্ধতিতে: সিইসি
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএম পদ্ধতিতে। কারণ ইভিএমে ভোট গ্রহণ যেমন সহজ, তেমনি ভোট গ্রহণের এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যায়।
বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে স্থানীয় প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি আশা করেন, 'বগুড়ায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণ করায় ভোটার উপস্থিতিও বেশি হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আমাকে নির্বাচনী এলাকার পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে।'
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বগুড়ার এই নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না। তবে ইভিএমের জন্য টেকনিক্যাল সাপোর্ট হিসেবে সেনা সদস্যরা থাকবেন। এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন, বিরোধীদলগুলো অংশগ্রহণ না করায় এবারের উপজেলা পরিষদ নির্বাচন একতরফা হয়েছে।
আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনে সকল দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতে উপযুক্ত পরিবেশ অপরিহার্য। কিন্তু আমরা ক্রমাগত একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, যা গণতন্ত্রের জন্য অনভিপ্রেত।’
নির্বাচন বিমুখতা জাতিকে গভীর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘কর্তৃত্ববাদী শাসনের অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ। এই অবস্থা কখনো কাম্য হতে পারে না।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/এমবিএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।