বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা, আটক ১
-
নেয়াজ রিফাত শরিফ
বাংলাদেশের বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর হোসেন মাহমুদ আজ (বৃহস্পতিবার) সকালে বলেন, ‘ভোরে এ ঘটনার সন্দেহভাজন চন্দন নামের একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
বরগুনা সরকারি কলেজের সামনে গতকাল (বুধবার) সকালে প্রকাশ্যে স্ত্রীর সামনে তাঁর স্বামী নেয়াজ রিফাত শরীফকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুই সন্ত্রাসী। নববধূ ও এক যুবক বাধা দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে পারেননি।
হামলার পর শরিফকে গুরুতর আহতাবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে শরিফের মৃত্যু হয়।
নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে আয়েশা সিদ্দিকাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে গিয়েছিলেন তার স্বামী রিফাত শরীফ। কলেজ থেকে ফেরার পথে কলেজের সামনের রাস্তায় প্রকাশ্য দিবালোকে রিফাতের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এসময় তারা রিফাতকে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আয়েশা তাদের বাধা দিলেও কাজ হয়নি। তারা রিফাতকে উপুর্যপুরি আঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়ে যায়।
ভিডিওটিতে দেখা যায়, সন্ত্রাসী দুই যুবক ধারালো দা দিয়ে একের পর এক কোপাতে থাকে শরিফকে। এ সময় শরিফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি দুই সন্ত্রাসীকে বারবার প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনাটি পুলিশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় ছিল।
ভিডিওচিত্র এবং প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ভিডিওচিত্রে যে দুই সন্ত্রাসীকে কুপিয়ে জখম করতে দেখা গেছে, তাদের একজনের নাম নয়ন বন্ড এবং অন্যজন রিফাত ফরাজী। তাঁরা উভয়েই স্থানীয়ভাবে ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ত। এসব ঘটনায় একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে বলে বরগুনা থানা সূত্রে জানা গেছে।
নিহত রিফাত শরিফের বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল হালিম দুলাল শরিফ। বাবা-মায়ের একমাত্র ছেলে রিফাত।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।