বরগুনায় প্রকাশ্য দিবালোকে যুবককে হত্যা: হাইকোর্ট ও দুই মন্ত্রী যা বললেন
বাংলাদেশের বরগুনায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত অপরাধীরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে সীমান্তে সতর্কতা জারি করতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ (বৃহস্পতিবার) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে রিফাত হত্যা নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি সংবাদ আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ ঘটনায় স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়েছে হাইকোর্ট।
এ সময় আদালত বলেন, এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। সমাজ কোথায় যাচ্ছে? প্রকাশ্য রাস্তায় মানুষটাকে মারল। একজন ছাড়া কেউ এগিয়ে আসল না। দাঁড়িয়ে দেখেছে, কেউ প্রতিবাদ করল না। হয়তো তারা (দুর্বৃত্তরা) ক্ষমতাবান, হয়তো মানুষ ভয়ে এগিয়ে আসেনি।’
উপকূলীয় জেলা বরগুনায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে হত্যার ঘটনায় হাইকোর্টের স্বপ্রনোদিত ভূমিকাকে স্বাগত জানিয়ে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার রেডিও তেহরানকে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে তা হাইকোর্টের এ মন্তব্য থেকেই বোঝা যায়। এরকম বিপজ্জনক পরিস্থিতি ঠেকাতে না পররলে দেশে কোন নাগরিকই নিরাপদ থাকতে পাবেন না।
জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, প্রকাশ্য দিবালোকে বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনাটি দুঃখজনক। এর সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনাকে সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ অপরাধীদের ধরতে কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
রিফাত হত্যাকাণ্ড রাজনৈতিক নয়, প্রেমঘটিত: সেতুমন্ত্রী
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, ‘আমি স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, এটি প্রেমঘটিত ও পারিবারিক বিষয়। এটা রাজনৈতিক বিষয় নয়।’
আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনের বিষয় ছিল ‘সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ’।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। কতটা অ্যারোগেন্ট হলে প্রকাশ্যে এভাবে একটা মানুষকে কুপিয়ে হত্যা করতে পারে। এটি সামাজিক অস্থিরতার কারণে হয়েছে।’
উল্লেখ্য, গতকাল (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
'প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারিনি'
শোকাতুর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, হামলাকারীদের প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। হামলাকারীদের কয়েকজনকে চিনতে পারলেও বাকীদের সে চেনে না।
নিহত রিফাত বরগুনার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের দুলাল শরীফের একমাত্র ছেলে। বাবা দুলাল শরীফ জানান, হত্যাকারী নয়ন প্রতিনিয়ত আমার পুত্রবধূকে উত্ত্যক্ত করত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দিত। এর প্রতিবাদ করায় আমার ছেলেকে নয়ন তার দলবল নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ আজ বেলা ১১টায় বরগুনা থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
এদিকে, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চন্দন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আমরা চিহ্নিত করতে পেরেছি। একজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা এদের পেছনে লেগেছি, এদের গ্রেফতার করব, আইনের আওতায় এনে ছাড়বো ইনশাল্লাহ।’
এদিকে গণমাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী বরগুনার এ নৃশংস হত্যাকাণ্ড যখন ঘটেছে সেদিন সকালে রাজধানীর অদূরে রূপগঞ্জে বিউটি আক্তার কুট্টি (৫০) নামে একজন ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মতো হাটতে বের হলে সড়কের উপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে স্থানীয় আওয়ামী লীগের সভানেত্রী বিউটি আক্তার কুট্টিকে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭