রিফাত হত্যাকাণ্ড: আটক চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ, রেড এলার্ট জারি
https://parstoday.ir/bn/news/bangladesh-i71559-রিফাত_হত্যাকাণ্ড_আটক_চারজনকে_ছেড়ে_দিয়েছে_পুলিশ_রেড_এলার্ট_জারি
বাংলাদেশের বরগুনায় প্রকাশ্য দিবালোকে ও স্ত্রীর সামনে রিফাত শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বরিশালে আটক চার যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। তারা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এমভি মানামী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এসময় লঞ্চ থেকে তাদের আটক করা হয়। তবে রিফাত হত্যায় আটক এসব যুবক জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ২৮, ২০১৯ ১২:৩৪ Asia/Dhaka
  • রিফাত শরীফ
    রিফাত শরীফ

বাংলাদেশের বরগুনায় প্রকাশ্য দিবালোকে ও স্ত্রীর সামনে রিফাত শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বরিশালে আটক চার যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। তারা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এমভি মানামী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এসময় লঞ্চ থেকে তাদের আটক করা হয়। তবে রিফাত হত্যায় আটক এসব যুবক জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটককৃতদের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তারা সবাই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাদের এক বন্ধুকে ঢাকায় যাওয়ার পথে এগিয়ে দিতে লঞ্চঘাটে এসেছিলেন।

ওসি আরও বলেন, চার যুবককে আটকের পর তাদের গ্রামের বাড়িতে বরগুনা পুলিশের সহায়তায় খোঁজ নিয়ে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাদের পরিবারকে থানায় ডাকা হয়েছিল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর দফতর) হাবিবুর রহমান খান বলেন, এদের আটকের পর বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজে চেহারার সঙ্গে তাদের চেহারা বারবার মিলিয়ে দেখা হয়। এছাড়াও বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফ উপস্থিত থেকে তাদের যাচাই-বাছাই করেন। তাদের সম্পৃক্ততা না পাওয়ায় ভোর রাতের দিকে ছেড়ে দেয়া হয়।

রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি

সব বিমান, স্থল ও নৌবন্দরে ‘রেড এলার্ট’

এদিকে, রিফাত শরীফকে  কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে যে জন্যে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর এবং নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা জানিয়েছেন, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ পুলিশ। ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

সোহেল রানা বলেন, “আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র‌্যাব এবং ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে।  আশা করছি, সব আসামিকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভব হবে।”

অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধও করেন সেই পুলিশ কর্মকর্তা

উল্লেখ্য, বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কয়েকজন যুবক বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবনগোলা এলাকার বাসিন্দা রিফাতকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। বিকেল চারটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। নৃশংস এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, রিফাতকে বাঁচানোর জন্য তার স্ত্রী চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। হামলাকারীরা রিফাতকে রক্তাক্ত করে সবার সামনে দিয়েই চলে যায়। এ ঘটনায় রিফাত বাবা বৃহস্পতিবার সকালে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে চন্দন নামে অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭