জনগণের প্রতি চরম অবজ্ঞার কারণে আজ দেশের এমন অবস্থা : সেলিমা রহমান
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশে মানুষের বাকস্বাধীনতা, ন্যায়বিচার, জনগণের অধিকার নেই। সংবাদকর্মী, শিক্ষক বুদ্ধিজীবী থেকে সাধারণ জনগণ সবাই আতঙ্কগ্রস্ত। কেউ কথা বলার সাহস পায় না। সবাই বলে কথা বললে ধরে কারাগারে নিয়ে যাবে। আজ সবাই নির্যাতিত হচ্ছে, কারাগারে বন্দি করা হচ্ছে। জনগণের প্রতি চরম অবজ্ঞার কারণেই আজ দেশের এই অবস্থা।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রতিহিংসার রাজনীতি : ন্যায়বিচার এবং খালেদা জিয়া’ শীর্ষক এ সভা আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।
সেলিমা রহমান বলেন, বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাতকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটেছে। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী দূরের কথা, সাধারণ মানুষ পর্যন্ত এগিয়ে আসেনি। সমাজের সব মূল্যবোধ হারিয়ে গেছে, আজ নৈতিকতা কোথায়।
তিনি আরও বলেন, আজ সমাজের এ অবস্থা কেন। নৈতিকতা কোথায়। সমাজে যে মূল্যবোধ ছিল সেই মূল্যবোধ আজ কোথায় হারিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের নামে, মেগা মেগা প্রজেক্টে দুর্নীতি করে সমস্ত মূল্যবোধ হারিয়ে রাষ্ট্র যখন অনৈতিক কাজে লিপ্ত, তখন সাধারণ মানুষও বিবেকবোধ হারিয়ে ফেলেছে।
এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন সেলিমা রহমান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এদিকে, কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনয়ন ফরম বিক্রি স্থগিত করেছে বিএনপি। আর এ সিদ্ধান্তের পর কাউন্সিলবিরোধী নেতারাও আন্দোলন কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। আজ (শুক্রবার) সকালে ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।
মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ে জড়ো হন ছাত্রদলের কাউন্সিলের পক্ষে থাকা ছাত্রনেতারা। কার্যালয়ের সামনে মিছিলও করেন তারা। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি বন্ধ রাখা হয়। এছাড়া কাউন্সিলের সব কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংকট নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।#
পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।