বরগুনায় প্রকাশ্যে রিফাতকে হত্যা: তিক্ত অভিজ্ঞতার কারণে প্রতিরোধ গড়েনি জনতা
https://parstoday.ir/bn/news/bangladesh-i71569-বরগুনায়_প্রকাশ্যে_রিফাতকে_হত্যা_তিক্ত_অভিজ্ঞতার_কারণে_প্রতিরোধ_গড়েনি_জনতা
বরগুনায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। খুনীকে বাধা দেয়ার চেষ্টা করেও সফল হননি তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। রনি নামে এক যুবক রিফাতকে রক্ষার চেষ্টা করলেও সফল হননি। সন্ত্রাসী নয়ন বন্ড আর সহযোগীদের ভয়ে মিন্নির স্বামীকে রক্ষায় আসেনি সাধারণ মানুষও।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুন ২৮, ২০১৯ ১৭:১৭ Asia/Dhaka
  • বরগুনায় প্রকাশ্যে রিফাতকে হত্যা: তিক্ত অভিজ্ঞতার কারণে প্রতিরোধ গড়েনি জনতা

বরগুনায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। খুনীকে বাধা দেয়ার চেষ্টা করেও সফল হননি তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। রনি নামে এক যুবক রিফাতকে রক্ষার চেষ্টা করলেও সফল হননি। সন্ত্রাসী নয়ন বন্ড আর সহযোগীদের ভয়ে মিন্নির স্বামীকে রক্ষায় আসেনি সাধারণ মানুষও।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত ১৩ জনকে শনাক্ত করেছে পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৩জনকে গ্রেফতার করেছে তারা। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হত্যাকারীদের ধরতে সবার সহযোগিতা চেয়েছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি বলেন, ঘটনার ফুটেজ দেখে সব আসামিকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। তবে প্রশাসনের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সবার সহযোগিতা প্রয়োজন।

আজ (শুক্রবার) দুপুরে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, ব্যক্তিগত কারণেই রিফাতকে হত্যা করা হয়েছে, মাদকের জন্য নয়।

মানুষ অপরাধীর বিপক্ষে কতটুকু দাঁড়াবে, তা নিয়ে সন্দিহান সমাজবিজ্ঞানী ডক্টর মশিউর রহমান। তিনি বলেন, নগরজীবনে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সংবেদনশীলতা কমে যাচ্ছে। এককেন্দ্রিক জীবন ধারার কারণে মানুষের সঙ্গে সম্পর্ক ও সম্মানবোধ কমে যাচ্ছে। সেইসঙ্গে সন্ত্রাসী চক্রের ভয়ে মানুষ ভীত বা আতঙ্কগ্রস্ত। কারণ, এ চক্রের সঙ্গে নানা কারণে আইনশৃংখলাবাহিনী ও সমাজের প্রভাবশালীদের সংখ্যতা দেখা যায়। ফলে ঝামেলা এড়াতে এখন আর আগের মতো একজনের বিপদে অন্যজন এগিয়ে আসে না। এ অবস্থায়, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে কমতে পারে অপরাধের মাত্রা। সেইসঙ্গে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দেয়ার পরামর্শ দেন ড. মশিউর রহমান।

এদিকে, ফেনীর নুসরাত হত্যা মামলার মতো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিফাত হত্যাকাণ্ডকে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হত্যার সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি।

আজ (শুক্রবার) পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প উদ্বোধন শেষে, সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রিফাত হত্যার ঘটনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না। জড়িতরা যে দলেরই হোক, তাদের গ্রেফতার করা হবে। আমাদের পুলিশ ও গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। বাকি যে কয়েকজন আছে, তারা অচিরেই ধরা পড়বে।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় রিফাত বাবা বৃহস্পতিবার সকালে ১২জনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।