বরগুনায় রিফাত শরীফ হত্যার মামলার দুই নম্বর আসামি গ্রেফতার
বাংলাদেশের বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে (২৩) গ্রেপ্তার করেছে বরগুনা থানা-পুলিশ।
আজ (বুধবার) সকাল ৯টায় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। এ সময় আসামি রিফাত ফরাজীকে উপস্থিত করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রিফাত ফরাজীকে গ্রেপ্তারে ৭ দিন ধরে অভিযান অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাঋল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় বরগুনা থেকে রিফাত শরীফ হত্যা মামলার আসামি রিফাত ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ মামলার দুই নম্বর আসামি।’
জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন বলেন, ‘আজ তাকে আদালতে পাঠানো হবে। এ নিয়ে এই মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
এর আগে গতকাল মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযদ্ধে মারা যায় এই মামলার এক নম্বর আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড। দুই নম্বর আসামি রিফাত ফরাজীর আরেক ভাই রিশান ফরাজীও এই হত্যা মামলার আসামি।
এর আগে এ মামলায় গ্রেপ্তার হন চন্দন (২১), মো. হাসান (১৯), অলিউল্লাহ (২২) টিকটক হৃদয় (২১)। তাঁরা এজাহারভুক্ত আসামি। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হন নাজমুল ইসলাম (১৮), সাগর (১৯), তানভীর (২২), কামরুল হাসান ওরফে সাইমুন (২১। অপর একজনের নাম পুলিশ প্রকাশ করেনি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চন্দন ও হাসান সাত দিনের এবং সাগর, সাইমুন ও নাজমুল পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। এ ছাড়া রিফাত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ১১ নম্বর আসামি অলি ও তানভীর।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফ নামের এক তরুণকে। এ সময় বরগুনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা তাঁর স্বামীকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু সন্ত্রাসীরা তাঁকে (রিফাত) উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। বেলা তিনটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়। জনবহুল এলাকায় এমন নৃশংস হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সারা দেশে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। এ হত্যার ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বৃহস্পতিবার সকালে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।