কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধিদল: দ্রুত প্রত্যাবাসনের আশা এইচ টি ইমামের
-
উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন মিয়ানমারের প্রতিনিধিদল
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে করণীয় নির্ধারণে মিয়ানমারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে।
প্রতিনিধিদলটি আজ (শনিবার) সকালে বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর দুপুর ১টার দিকে তারা রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে বের হন এবং সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে আন্তর্জাতিক সমালোচনা প্রশমন করতে চায় মিয়ানমার। সে লক্ষ্যেই মিয়ানমারের এ প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে।
গত বছরও মিয়ানমারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল কক্সবাজারের শিবিরে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছিল। গত বছরে প্রত্যাবাসন শুরুর কথা দিয়েও কথা রাখেনি মিয়ানমার। ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় বস্তুত: কোনো অগ্রগতি আসেনি।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময়ে আরও প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে আছে। তবে ২০১৭ সালের পর এসব রোহিঙ্গাদের উখিয়া-টেকনাফের ৩১টি ক্যাম্পে আশ্রয় দেয়া হয়েছে।
এ নিয়ে বাংলাদেশ নানা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া চালিয়ে আসছে। এ নিয়ে দু’দেশের মধ্যে একটা সমঝোতাও হয়েছে। কিন্তু দফায় দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া আজ অবধি শুরু করা যায়নি।
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আজ বলেছেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে প্রয়োজনীয় সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ; দ্রুতই তাদের নিরাপদ প্রত্যাবাসন করা হবে।
শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশে রোহিঙ্গা সংকট: চ্যালেঞ্জ এবং স্থায়ী সমাধান’ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এইচ টি ইমাম এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনএইচসিআর’র আঞ্চলিক সহকারী প্রতিনিধি অ্যালিস্টার বল্টন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাসেম বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী ড. ত্যান শ্বরী দাতো সেরি সৈয়দ হামিদ আলবার।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭