মিয়ানমারের কাছে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর করল বাংলাদেশ
-
কাঁদছে একটি রোহিঙ্গা শিশু (ফাইল ফটো)
ঢাকা সফররত মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের কাছে ২৫ হাজার রোহিঙ্গার নতুন একটি তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। এ নিয়ে প্রায় ৫৫ হাজার রোহিঙ্গার নামের তালিকা মিয়ানমার কর্তৃপক্ষকে দিল ঢাকা।
আজ (সোমবার) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় রোহিঙ্গা ফেরত প্রসঙ্গে মিয়ানমারের সফররত পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান। বৈঠকে মিয়ানমারকে এ তালিকা হস্তান্তর করা হয়। বাকিদের তালিকা পরবর্তীতে পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে মিয়ানমারকে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান। কামরুল আহসান সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার জন্য আস্থা তৈরি করা দরকার। এ জন্য মিয়ানমার প্রতিনিধি দলের প্রথম সফর হলো। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেন, এক সফরে সব সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের প্রতিনিধি দলের হয়তো আরও বেশ কয়েকবার আসতে হবে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে হবে। রোহিঙ্গাদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আস্থা সৃষ্টি করা না যাবে, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা ফিরে যাবে না। আর বাংলাদেশ কাউকে জোর করে মিয়ানমারে ফেরত পাঠাবে না।
উল্লেখ্য, মিয়ানমারের সরকারি বাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতনের মুখে প্রায় ১১ লাখের বেশী রোহিঙ্গা রাখাইন থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে উখিয়া-টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৯১৩ জন।
আন্তর্জাতিক সমালোচনার মুখে এসব বাস্তচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশের সাথে চুক্তি করে মিয়ানমার। জাতিসংঘ বলেছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায় দেশে ফেরার জন্য যে পরিবেশ দরকার মিয়ানমার এখনো তা তৈরি করতে পারেনি।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।