জেনেভায় অবলীলায় মিথ্যা কথা বলেছেন আইনমন্ত্রী: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i72542-জেনেভায়_অবলীলায়_মিথ্যা_কথা_বলেছেন_আইনমন্ত্রী_মির্জা_ফখরুল
জেনেভায় মানবাধিকারবিষয়ক নির্যাতনবিরোধী কনভেনশনে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক 'অবলীলায় মিথ্যা কথা বলেছেন' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৫, ২০১৯ ১০:৪৭ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জেনেভায় মানবাধিকারবিষয়ক নির্যাতনবিরোধী কনভেনশনে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক 'অবলীলায় মিথ্যা কথা বলেছেন' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সাহায্যার্থে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করার সময় তিনি এ মন্তব্য করেন।  

মির্জা ফখরুল বলেন, 'কয়েকদিন আগে জেনেভায় মানবাধিকারের ওপরে নির্যাতনবিরোধী গুরুত্বপূর্ণ একটি কনভেনশন হয়েছে। বর্তমান সরকার ১০ থেকে ১২ বছর ধরে ক্ষমতায়, কিন্তু সেখানে কোনো জবাবদিহিতা করেনি। কনভেনশনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটি বাংলাদেশকে ডেকে এ দেশে যে নির্যাতন হয়, সে সম্পর্কে সরকারের বক্তব্য কী জানতে চেয়েছিল। সেখানে আমাদের আইনমন্ত্রী অবলীলায় মিথ্যা কথা বলেছেন। আইনমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোনো গুম-খুনের ঘটনা তার জানা নেই।'

মির্জা ফখরুল বলেন, 'আজকে পত্রিকায় দেখছি একজন সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান গুম হয়ে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এমপি ছিলেন ইলিয়াস আলী। চৌধুরী আলম কমিশনার ছিলেন। তাদের এখন পর্যন্ত খুঁজে পাইনি। আমাদের ছাত্রদল, ‍যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির প্রায় ৫০০ নেতাকর্মী গুম হয়ে গেছেন। তাদের খুঁজে পাওয়া যায়নি।'

বিএনপি মহাসচিব বলেন, 'আমরা এমন দেশে বাস করছি, যেখানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকার নিজেদের সুরক্ষার জন্য দুর্নীতি করছে এবং দুর্নীতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাচ্ছে। যেখানে তারা বসবাসের জন্য ব্যবস্থা করছে।'

আইনমন্ত্রী আনিসুল হক

ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরায় মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'মিডিয়া অত্যন্ত গুরুত্ব সহকারে ডেঙ্গু সমস্যাকে সারা জাতিসহ বিশ্বের সামনে তুলে ধরেছে। না হলে সরকার যা শুরু করেছিল, তারাতো গুজব বলেই উড়িয়ে দিত। মিডিয়া এটাকে সামনে নিয়ে এসে এখন পর্যন্ত যে ভূমিকা পালন করছে, সেটা দেশের মানুষের কল্যাণের জন্য প্রসংশিত।'

তিনি বলেন, 'আজকের পত্রিকায়ও আছে, গতকাল রোববার ১৭৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন শুধু ঢাকায়। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের ওপরে। অথচ মন্ত্রী যিনি দায়িত্বে আছেন, এমনকি মেয়র সাহেবরা কী বলেছেন, সেটা রিপিট করতে চাই না। আসলে এদের কোনো লজ্জা নেই। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তাদের জবাবদিহিতা নেই। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেকোনো প্রকারে ক্ষমতায় টিকে থাকা এবং জনগণের অর্থকে লুণ্ঠন করা।'

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫