বাংলাদেশে নির্বাচন ভবনের অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন
বাংলাদেশের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণ ও উৎস নির্ণয়; অগ্নিকাণ্ডে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ (আর্থিক মূল্যসহ) এবং ভবিষ্যতে এই ধরণের অগ্নিকাণ্ড যাতে না ঘটে সে সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে এ কমিটিকে। কমিটির সদস্যদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, এনআইডি বিভাগের পরিচালক, গণপূর্তের একজন কর্মকর্তা ও একজন সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন।
আজ (সোমবার) সকালে ইসির উপসচিব (সাধারণ সেবা) রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ১২ তলাবিশিষ্ট নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রধান নির্বাচন কমিশনার এ সময় দেশের বাইরে রয়েছেন।
এদিকে, ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশন ভবনে অগ্নিকান্ডের ঘটনায় কিছু ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেসিন) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশঙ্কা অনুযায়ী ক্ষতির পরিমাণ অনেক কম।
তিনি বলেন, আগুনে ক্ষতি কম হয়েছে, কাগজপত্রে যা ক্ষতি হয়েছে তা পানির কারণে। আগামীকাল থেকে এসব ইভিএমের কোয়ালিটি অ্যানালাইসেস করার কথা ছিল।
আগুনের কারণে আসন্ন রংপুর নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক